গাছে আটকে যাচ্ছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশের গাছগুলো যেন সড়কের ওপর হেলে পড়ছে। যাত্রী ও পণ্যবাহী যান গাছের কাণ্ড ও ডালে ঘর্ষণ খাচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। যশোর-বেনাপোল সড়কের কমপক্ষে ২৫টি গাছের মোটা ডাল ও কাণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কের ওপরে এসে পড়েছে। ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়ক দিয়ে প্রতিদিন আমদানি-রপ্তানির পণ্যবাহী এক হাজার ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী পরিবহন চলাচল করে।সড়কের দুই পাশের গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা পরিষদের। একটি সূত্র জানায়, কয়েক বছরের মধ্যে ওই সড়কে গাছের ডাল কাটা হয়নি। নির্বিঘ্নে পরিবহন চলাচলের ক্ষেত্রে গাছের ডাল প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কেটে দেওয়া হবে।সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী, গদখালী, নাভারণসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশের গাছের মোটা ডাল ও কাণ্ড সড়কের ওপরে এসে পড়েছে। এ কারণে সড়ক সরু হয়ে গেছে। ঝুঁকি নিয়ে দুটি যান পাশাপাশি অতিক্রম করছে।উৎসব সিড ফার্ম গদখালী কার্যালয়ের কর্মকর্তা নাসরিন নাহার জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস বেনেয়ালী এলাকার গাছের একটি ডালে আটকে যায়। বাসটি সামনেও যেতে পারে না, পেছনেও আসতে পারে না। এ সময় ৫০-৬০টি যান এক ঘণ্টা আটকা পড়ে।গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, যশোর-বেনাপোল সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী কমপক্ষে এক হাজার ট্রাক যাতায়াত করে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন কয়েক শ যাত্রী ভারতে আসা-যাওয়া করে। এ জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের দুই পাশে ২০০ বছরের পুরোনো কয়েক শ গাছ রয়েছে। এসব গাছের অধিকাংশের দেহ পোকায় খেয়ে ফেলেছে। গাছে বড় বড় গর্ত দেখা যায়।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহম্মেদ বলেন, ‘গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বৃক্ষ পালনবিদের। তিনিই বিষয়টি দেখেন। ওই সড়কের গাছগুলো সম্পর্কে আমার ততটা জানা ছিল না। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখব।’