গাছে কাঁঠাল গোঁফে তেল: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম রহমান
গোলাম রহমান

পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক অর্থমন্ত্রীর কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যবস্থা নেবে কি না, এ প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুদক পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।
গোলাম রহমান আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল। প্রতিবেদনই চোখে দেখলাম না, সুপারিশ কী, সেটা জানব কীভাবে?’
দুদক চেয়ারম্যান বলেন, ‘বিশ্বব্যাংকের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা। তারা কেন প্রতিবেদন দুদকে পাঠাবে?’
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের চূড়ান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত আবাসিক পরিচালক জোহান্স জাট।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার সহযোগিতা না করায় ২০১২ সালের জুনে প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর শর্ত সাপেক্ষে অর্থায়নে রাজি হয় সংস্থাটি। তবে গত ফেব্রুয়ারিতে সরকার সিদ্ধান্ত নেয়, বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ না নিয়ে অভ্যন্তরীণ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে।