গাছে গাছে পেরেক-তারকাঁটা ঠুকে টাঙানো সাইনবোর্ড-ব্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর পৌর শহরে গাছে গাছে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন ধরনের অসংখ্য শুভেচ্ছা বিজ্ঞাপন। গাছ পরিবেশ ও মানুষের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না। পেরেক বা তারকাঁটা ঠুকে গাছকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছেন অনেকে।

শুধু মাদারীপুর পৌর এলাকায় নয়, জেলার বিভিন্ন এলাকায় একই চিত্র চোখে পড়বে। এর মধ্যে বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের চিত্রও এর ব্যতিক্রম নয়। এ নিয়ে বিভিন্ন সভায় উন্নয়নকর্মীরা আলোচনা করলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ ও সুধীজনেরা।

মাদারীপুর পৌরসভা কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলেঅননুমোদিত আট শতাধিক ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ডসহ বিভিন্ন বিজ্ঞাপনের একটি তালিকা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এ ছাড়া পৌরসভার অনুমতি নিয়ে টাঙানোকয়েকটি কোম্পানির ৬০টি সাইনবোর্ড থেকে বছরে ৮০ হাজার টাকা আয় করছে পৌরসভা।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুরের কালকিনি, রাজৈর, সদর ও শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় নামধামসহ অননুমোদিত শুভেচ্ছা বিজ্ঞাপনের সংখ্যা প্রায় তিন হাজার। এসবের কোনোটার বিরুদ্ধে কখনোই ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের মেহগনিগাছে পেরেক বা তারকাটা ঠুকে লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বিজ্ঞাপন। এদিকে একই অবস্থা সদর মডেল থানার সামনেও। সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বিজ্ঞাপন। এ ছাড়া শহরের শকুনি লেকের পাশের গাছগুলোও রক্ষা পায়নি বিজ্ঞাপনের হাত থেকে।

মাদারীপুরের পরিবেশবিদ ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভূগোল বিভাগের শিক্ষক বশির আহম্মদ বলেন, যথাসময়ে কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় গাছের ওপর মানুষের এই অত্যাচার থামছে না। শহরের অধিকাংশ গাছ পেরেক বা তারকাঁটা ঠুকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করায় শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়াসহ গাছপালায় বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ করা উচিত।

মাদারীপুরের মানবাধিকারকর্মী সুবল বিশ্বাস বলেন, ‘বৃক্ষের কষ্টটা আমরা কেউ উপলব্ধি করি না। প্রতিনিয়ত বৃক্ষ বৃদ্ধির প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্ত করছি। বৃক্ষ যে অক্সিজেন দিয়ে মানবজাতিকে বাঁচিয়ে রাখে এবং বৃক্ষেরও যে প্রাণ আছে, তা মানুষ ভুলেই গেছে। অতি দ্রুত পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।’

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন বলেন, যেকোনো গাছের সঙ্গে পেরেক বা তারকাঁটা ঠুকে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া এসব সাইনবোর্ডসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে গাছের সঙ্গে বেঁধে দেওয়া বিজ্ঞাপনগুলো আইনের আওতায় আনতে পৌরসভা একটি তালিকা করেছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউর রহমান বলেন, পৌরসভা এলাকার মধ্যে যেকোনো সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে পৌরসভার অনুমতি নিতে হয়। যদি পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ এসব বিজ্ঞাপনী সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার উচ্ছেদে প্রশাসনিকভাবে সহযোগিতা চায়, তাহলে সব ধরনের সহযোগিতা করা হবে। আর উপজেলা চত্বরে যেসব অনুমতিবিহীন প্রচারণার সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার রয়েছে, তা নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।