গাছে গাছে বিদ্যুতের তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক খুঁটি ছাড়াই গাছ ও বাঁশের সঙ্গে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালনের লাইন। আর এভাবেই আট বছর ধরে ঝুঁকিপূর্ণ সংযোগ ও সঞ্চালন লাইনের বিদ্যুৎ ব্যবহার করছেন বরগুনার প্রায় সাড়ে ৭০০ গ্রাহক।বরগুনা সদর উপজেলার তিনটি গ্রামে এ রকম প্রায় ১০ কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন থেকে গ্রাহকদের দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ। বারবার আবেদন করেও এর প্রতিকার মিলছে না বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে এভাবেই চলছে বিদ্যুৎ সরবরাহের কাজ। অনিরাপদ এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকেন এলাকার বাসিন্দারা। তবে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) দাবি, ঠিকাদার কাজ না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামে প্রায় তিন কিলোমিটার, একই ইউনিয়নের ভুতমারা গ্রামে সাড়ে তিন কিলোমিটার এবং সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে প্রায় সাড়ে তিন কিলোমিটারসহ মোট ১০ কিলোমিটার এমন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। এসব গ্রামের প্রায় সাড়ে ৭০০ গ্রাহক এই সঞ্চালন লাইন থেকে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ-সংযোগ টেনে নিয়েছেন তাঁদের বাড়িতে। ভুতমারা এলাকায় গিয়ে দেখা যায়, টাউনহল-ভুতমারা সড়কের ভুতমারা ইটভাটার কাছে সড়কের পাশের তুলা, গাব ও মেহগনি গাছের সঙ্গে ইনসুলেটর লাগিয়ে লাইন টানা হয়েছে। এসব লাইনের ওপর গাছের অসংখ্য ডালপালা ঝুলে পড়েছে। একইভাবে পূর্ব ধুপতি এলাকার প্রায় দুই কিলোমিটারের মধ্যে মাত্র দুটি খুঁটি ব্যবহার করে বাদবাকি সড়কের পাশের রেইনট্রি ও মেহগনিগাছের সঙ্গে লাইন টানা হয়েছে। পশ্চিম ধুপতি এলাকারও একই অবস্থা। সেখানে প্রায় এক কিলোমিটার এলাকায় গাছের সঙ্গে লাইন টানা হয়েছে।ধুপতি এলাকার বিদ্যুৎ গ্রাহক আমিন গাজী জানান, গ্রামের কোথাও বিদ্যুতের খুঁটি বসানো হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থায় দীর্ঘ আট বছর ধরে বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে। কোথাও কোথাও বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে পড়েছে। সামান্য ঝড়-বৃষ্টি হলে তার ছিঁড়ে যেতে পারে। ভুতমারা গ্রামের গ্রাহক মিলন চন্দ্র জানান, একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও খুঁটি বসানো হচ্ছে না। এসব রাস্তা দিয়ে প্রতিদিন বহু পথচারী এবং শিক্ষার্থীরা যাতায়াত করে। ধুপতি গ্রামের বিদ্যুৎ গ্রাহক আবদুর রশিদ অভিযোগ করেন, শুরু থেকেই তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে এলেও গ্রামের কোথাও গত সাত-আট বছরে একটি বৈদ্যুতিক খুঁটিও বসায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে তাঁরা কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও কোনো ফল পাননি।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত এক নির্বাহী প্রকৌশলী জানান, জীবন্ত গাছের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা বিদ্যুৎপ্রবাহ আইন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। কারণ, জীবন্ত গাছ এমনিতেই অতিমাত্রায় বিদ্যুৎ পরিবাহী। আর বর্ষায় ভেজা গাছ আরও বেশি ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাছের সঙ্গে বিদ্যুৎ লাইন টানার ব্যাপারে জানতে চাইলে বরগুনা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম গোলাম কিবরিয়া জানান, সিডর-পরবর্তী সংস্কারের কাজে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কাজ না করায় ওই প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়। তিনি বলেন, ‘২১ জেলা শহর প্রকল্পের আওতায় নিয়ে কাজটি দ্রুত করার জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আমরা তাগিদ দিচ্ছি।’