গাছে গাছে মিষ্টি মাল্টা

ছোট ছোট গাছে ঝুলছে মাল্টা। কোনো গাছে ২০টি কোনো গাছে ৪০টিও ধরেছে। কয়েকটিতে হালকা হলুদ ছোপ। তিন একর জায়গার ওপর গড়ে ওঠা এই মাল্টা বাগান ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে অবস্থিত। হাজার খানেক গাছের বাগানে ঢুকতেই মাল্টার শোভা দেখে মন ভরে যায়। কেবল শোভা নয় এই বাগানের মাল্টা স্বাদেও বেশ মিষ্টি।
বাগানের মালিক উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের বাসিন্দা মুহাম্মদ ইউনুচ চাকরি করেন বন বিভাগে। ২০১৩ সালে মাল্টা চাষ শুরু করেন তিনি। নিজের বাড়ির পাশেই তিন একর জমি পড়ে ছিল। সড়কের পাশে অবস্থিত জমির তিন দিকেই রয়েছে ছোট ছোট পাহাড়ি ঝরনা। তাই সেচের সমস্যা নেই। সমতল জমি হলেও পানি জমে না। মাটিও ফলের বাগান করার পক্ষে উপযুক্ত। জমি বাছাই শেষে হাটহাজারী উপজেলা কৃষি গবেষণাগারের পরামর্শ নিয়ে নেমে পড়েন কাজে। দুই বছরের মাথায় তাঁর বাগানে ফলন এসেছে। গত দেড় মাস থেকে এ পর্যন্ত বিক্রি করেছেন পাঁচ হাজার কেজি মাল্টা। প্রতি কেজি মাল্টার দাম রেখেছেন ১০০-১২০ টাকা। আয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
এবার শোনা যাক ইউনুচের কথা। ফটিকছড়িতে তাঁর বাগানে গেলে তিনি মাল্টা চাষের আদ্যোপান্ত সবিস্তারে বলেন। ইউনুচ জানান, মাল্টা বাগান করার কথা মাথায় আসে চট্টগ্রামে বন বিভাগের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময়। ২০১২ সালে চট্টগ্রামের একটি কলেজে আড়াই হাজার ফলের গাছ রোপণ করেন তিনি। তখন নিজের ফেলে রাখা জমিতেও ফলবাগান করার ইচ্ছে জাগে। এরপর হাটহাজারী উপজেলা কৃষি গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিন তাঁর জমির ধরন দেখে মাল্টা চাষের পরামর্শ দেন। তাঁর পরামর্শ মতো বারি মাল্টা-১ ও বারি মাল্টা-২ এই দুই জাতের এক হাজার মাল্টার চারা সংগ্রহ করেন। বাগানে লাগানো এই এক হাজার চারাই টিকে গেছে।
ভালো ফলনের পেছনে মাল্টার বৈজ্ঞানিক চাষ পদ্ধতিও কাজে দিয়েছে বলে জানান মো. ইউনুচ। চারা রোপণের আগে তিনি জমিতে প্রথমে গর্ত করেছেন। এরপর প্রতিটি গর্তে ২০ কেজি গোবর, ২০০ গ্রাম পটাশ, ৪০০ গ্রাম টিএসপি, ২০০ গ্রাম চুন এবং ২০ থেকে ২৫ কেজি মাটি মিশিয়েছেন। ১০ দিন পর গর্তে চারা রোপণ করেছেন।
এরপর গত দুই বছর ধরে চলেছে নিবিড় পরিচর্যা। এ জন্য দুজন তত্ত্বাবধায়কও রাখতে হয়েছে। বর্তমানে তাঁর লাগানো এক হাজার গাছের সবগুলোতেই ফলন এসেছে। প্রথম দিকে ছত্রাকের আক্রমণ দেখে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। পরে ছত্রাকনাশক ওষুধ ছিটিয়ে তা প্রতিরোধ করেছেন। বাগানে মাল্টার পাশাপাশি তিনি লাগিয়েছেন আম, আপেল কুল, পেয়ারা, লেবু, আঙুর, মিষ্টি কামরাঙা, কলা, কাঁঠাল ও জলপাই গাছ।
মুহাম্মদ ইউনুচ জানান, বাগান গড়ে তুলতে এ পর্যন্ত খরচ হয়েছে নয় লাখ টাকার মতো। প্রথম ফলনেই খরচের অর্ধেকেরও বেশি টাকা উঠে এসেছে। ফটিকছড়ি ও চট্টগ্রামের পাইকারি ক্রেতারা নিয়মিতই বাগানে আসছেন ফল কিনতে। গাছে আরও লাখ খানেক টাকার মাল্টা আছে। সামনের মৌসুম থেকে লাভের টাকা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘মাল্টার চাষ উপজেলায় এই প্রথম। তবে ইউনুচের দেখাদেখিতে এখন অনেকে চাষ করছেন। কৃষিতে অবদান রাখায় চলতি বছর জাতীয় বঙ্গবন্ধু পুরস্কারের জন্য ইউনুচের নাম আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’