গাছে গাছে যেন বকফুল
বাড়িতে ঢোকার মুখেই বুনো গন্ধ এসে নাকে লাগে। পাখি ও বিষ্ঠার তীব্র গন্ধ এবং পাখির কলকাকলি বুঝিয়ে দেয়, এ বাড়িটিতে শুধু মানুষই বাস করে না। এটি পাখিদেরও বাড়ি। মানুষ ও পাখির সহাবস্থানে তৈরি হওয়া প্রাকৃতিক পরিবেশের এক বাসভূমি। বাড়ির উত্তর দিকে হাইল হাওরের খোলা প্রান্তর। সেই প্লাবনভূমিতে বর্ষার জল থই থই করছে। বাড়ির চারদিকে ছোট-বড় অনেক পুকুর। এর কারণ এটি একটি মৎস্য খামার (রাজা ফিশারি অ্যান্ড হ্যাচারি)। সেই খামারের অনেকটা মধ্যখানেই গড়ে তোলা হয়েছে বাড়িটি। জানা না থাকলে বাইরে থেকে বাড়িটির অস্তিত্ব বোঝা মুশকিল। বাড়িতে ঢুকে চোখে পড়ে গাছের সঙ্গে যেন গলাগলি করে বেড়ে ওঠা তিনতলা পাকা দালান। দালানের চারদিকে আম, কাঁঠাল, নারকেল, চেনা-অচেনা নানা জাতের অনেক গাছ। বাঁশের ঝাড়। এখন পাখিদের প্রজনন মৌসুম। সেই গাছগুলোতে বাসা বুনেছে বিভিন্ন রকমের সাদা বক। গাছের ডালের ফাঁকে ফাঁকে পাখির বাসা। সেই বাসাগুলোতে কিচিরমিচির করছে বকের বহু ছানা। মা পাখি দূরে কোথাও থেকে খাবার নিয়ে বাসায় ফিরতেই ছানার দল বাসার মধ্যে নড়েচড়ে উঠছে। বাসা থেকে বেরিয়ে ডালে বসছে। মা পাখি হাঁ করা মুখের ভেতর ঠেলে দিচ্ছে আহার। সারা দিন ধরেই এ রকম উড়ে আসা, ছানার মুখে খাদ্য তুলে দেওয়ার দৃশ্য স্বাভাবিক বলে জানালেন বাড়ির বাসিন্দারা। গাছের ডালে বসে সবুজ পাতার ফাঁকে বকপাখির কোনোটা ধবধবে সাদা কাশফুলের মতো পেখম মেলে শূন্যে ডানা খুলছে। কোনো বকের মাথা থেকে ঘাড় ও গলার নিচের দিকটা কিছু হালকা খয়েরি বা ইটরঙের মতো দেখতে। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে উড়ে আসছে পানকৌড়ি। উড়ে আসছে কাক, ঘুঘু, শালিক, চিল, ফিঙে, মাছরাঙা, দোয়েল। পাতায় পাতায় ঘুরছে টুনটুনি, দেশীয় বা স্থানীয় জাতের প্রায় সব পাখি। যখন বাড়িতে পৌঁছানো গেল তখন দুপুর গড়িয়ে গেছে। হালকা বৃষ্টি ঝরেছে খানিক আগে। মেঘলা আকাশ। বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী গোলাম মোস্তফা রাজা জানান, ১৯৮৫ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ এলাকায় এ মৎস্য খামারটি গড়ে তোলেন। এর মধ্যে খামার এলাকা ও বাড়িকে ঘিরে অনেক রকমের গাছ মাথা তুলেছে। ঝোপঝাড়ে পরিণত হয়েছে। ১৯৯০ সালের দিকে প্রথম বাড়িতে কয়েক ধরনের পাখির আগমন চোখে পড়ে তাঁর। একপর্যায়ে পাখির প্রতি তাঁর মায়া বেড়ে যায়। কেউ যাতে পাখি শিকার না করে, পাখিকে বিরক্ত না করে। এ জন্য সতর্ক হয়ে ওঠেন। বাড়ির মানুষের মতো পাখিও কাছের প্রতিবেশী হয়ে ওঠে তাঁদের। দিন-রাত পাখির সঙ্গেই তাঁদের জীবনযাপন। কেউ কাউকে বিরক্ত করে না। বরং পাখির ডাক, পাখির ওড়াউড়ি, নতুন পাখির আগমন তাঁদের আরও মুগ্ধ করে। গোলাম মোস্তফা বলেন, ‘দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি আছে। শীতকালে বেশি পাখি আসে। এ পাখির জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা খুব ভালোভাবে একসাথে আছি। অনেক লোক আসে পাখি দেখতে। ঘুরেফিরে পাখি দেখে আনন্দ পায়। এতেই আমি খুশি। কিন্তু আমরা কোনো শিকারি অ্যালাও করি না।’ গোলাম মোস্তফা জানান, এখন পাখি বাচ্চা করেছে। অনেক পাখি সারা দিন বাসায় থাকে। তবে সাধারণত সূর্য ওঠার আগেই ডাকতে ডাকতে পাখিরা বাসা ছেড়ে যায়। বিকেল বা সন্ধ্যার দিকে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে। পাখির নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে দুজন সার্বক্ষণিক প্রহরী রেখেছেন তিনি। তাঁরা শুধু কেউ পাখিকে বিরক্ত করে কি না, শিকার করে কি না তা দেখে থাকেন। গোলাম মোস্তফার স্ত্রী দেওয়ান নূরজাহান বলেন, ‘সারা দিন-রাত পাখিরা আমাদের সংসারের সদস্যের মতো আছে। ইচ্ছামতো তারা সারা বাড়িতে ঘুরে বেড়ায়। তারা আছে তাদের মতো, আমরা আমাদের মতো।’ পাখি দেখতে মৌলভীবাজার জেলা সদর থেকে আসা প্রত্যুষ তালুকদার বলেন, ‘বসবাসের ঘরের কাছে এত পাখি, যা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। পাখির প্রতি আলাদা মমত্ব না থাকলে এত পাখি এখানে আসত না, বাসা বাঁধত না।’ কোনো বাড়িতে একসঙ্গে এত পাখি দেখে একই রকম বিসঞ্চয় প্রকাশ করলেন রাধাপদ দেব ও সালেহ এলাহী। বেলা গড়িয়ে তখন সন্ধ্যার দিকে। হাইল হাওরসহ নানা প্রান্ত ঘুরে পাখিরা আপন ঠিকানায় ফিরে আসছে। গাছে গাছে পাখির উপস্থিতি বাড়ছে। গোধূলির রংমাখা গাছে গাছে যেন সাদা বকফুল ফুটেছে তখন। বারবার মনে পড়ছিল, ‘সব পাখি ঘরে ফেরে/ ফুরায়ে জীবনের সব লেনদেন...।’