গাছে ঝুলছে স্যালাইনের ব্যাগ

গাছে ঝুলে আছে রক্ত ও স্যালাইনের ব্যাগ। কোনোটিতে অর্ধেক রক্ত, কোনোটিতে স্যালাইনের পানি। বাতাসে দোল খাচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের সামনের এই গাছে হঠাৎ চোখ পড়লে মনে হবে, কোনো প্রয়োজনে হয়তো এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু আদতে তা নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনদের ছুড়ে ফেলা বর্জ্য এগুলো। গাছে যেমন ঝুলছে, গাছের নিচেও গড়াগড়ি খাচ্ছে রক্ত-স্যালাইনের ব্যাগসহ আরও অনেক বর্জ্য।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, একটি হাসপাতাল থেকে ১১ ধরনের বর্জ্য হয়। এর মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। এই বর্জ্যের মধ্যে রয়েছে রক্ত, পুঁজ, দেহরস থেকে সংক্রমিত গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, সোয়াব, মব, প্লাস্টার, কেথিটার, ড্রেনেজ টিউব, রক্তসঞ্চালনের ব্যাগ/টিউব, রক্ত থেকে সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত বা দেহরস, ডায়রিয়ার রোগীর সংক্রমিত কাপড়চোপড়, সংক্রমিত সিরিঞ্জ ইত্যাদি। একই ধরনের ভয়াবহ বর্জ্য হচ্ছে অ্যানাটমিক্যাল ও তেজস্ক্রিয় বর্জ্য। এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে সংরক্ষণ করে ইনসাইনেরেটরে বিনষ্ট ও শোধন করার কথা।
রাজশাহীর সিভিল সার্জন ফেরদৌস নিলুফার বলেন, সংক্রামক বর্জ্য বাতাসে ছড়ালে মানুষের শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে। শরীরে ক্ষত রয়েছে এমন কেউ এর স্পর্শে গেলে তার শরীরে ইনফেকশন (প্রদাহ) দেখা দিতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তাদের জন্য এটা আরও ভয়াবহ।
গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন ভবন (৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড) থেকে রোগীর স্বজনেরা নিচে আবর্জনা ফেলছে। সেখানে রয়েছে চিকিৎসকের ব্যবহৃত গ্লাভস, স্যালাইনের ব্যাগ, পচা খাবার, কলার খোসাসহ পলিথিনে ভরা অন্যান্য বর্জ্য। হাসপাতালের কয়েকজন কর্মচারী নালার ভেতরের ময়লা অপসারণ করলেও আশপাশে অনেক ময়লা পড়ে ছিল।
হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ড দ্বিতীয় তলায়। দোতলার বারান্দার সামনে ছড়িয়ে আছে কয়েকটি গাছের ডাল। এগুলোর মধ্যে নিমগাছটি সবচেয়ে কাছাকাছি। ওই গাছের ডালেই ঝুলছে রক্ত, স্যালাইনসহ বিভিন্ন ধরনের ব্যাগ। আর নিচে যেগুলো পড়েছে, তাতে মাটি এমন করে ঢেকে গেছে যে ঘাসও মরে গেছে।
ওয়ার্ডের বারান্দায় একজন রোগীর স্বজন গামলা থেকে নিচে বর্জ্য ফেলছিলেন। ময়লার ড্রাম থাকতে নিচে কেন ময়লা ফেলছেন—এ প্রশ্নে তিনি বলেন, লম্বা বারান্দার এক পাশে একমাত্র ড্রামটি ভরে গেছে। ময়লা ফেলার জায়গা নেই। তাই নিচে ফেলছেন।
পুঠিয়া উপজেলার বাসিন্দা সোহরাব খোকন তাঁর এক রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসে। কিন্তু এই হাসপাতালের ওয়ার্ডের বাইরে তাকালে বমি আসে। কোনো কোনো ওয়ার্ডের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসতে চায়। দেখে মনে হয় না কর্তৃপক্ষ হাসপাতালের ভেতর দিয়ে চলাফেরা করে।
ময়লায় ভরা ড্রামগুলো হাসপাতালের পূর্ব পাশের গেটের কাছে একটি ডাস্টবিনে নিয়ে রাখা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ভাগাড়ে। সরেজমিনে দেখা যায়, ডাস্টবিন থেকে উপচে চিকিৎসা বর্জ্য রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে। বৃষ্টির পানিতে মিশে কদাকার হয়ে গেছে সেখানে। খাবারের জন্য ঝাঁপিয়ে পড়েছে একদল কাক। পাশে একজন নারী কুড়াচ্ছিলেন বর্জ্য। জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিজেদের লোক দিয়ে অনবরত পরিষ্কার করছি। কিন্তু এক ঘণ্টা পরই আবার একই অবস্থা হচ্ছে। রোগীর লোকদের আমরা বোঝাতে পারছি না।’ পরিচালক বলেন, পরিস্থিতি দেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রোগীর অভিভাবকদের সচেতন করার জন্য একটি প্রস্তাব দিয়েছে। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী একদিন লিফলেট ও পোস্টার নিয়ে কাজ করেছে।