গাছে ঝুলিয়ে নারীকে নির্যাতন
ফেনীর সোনাগাজীতে চুরির অভিযোগে আম্বিয়া খাতুন (৪৫) নামের এক নারীকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিনভর নির্মমভাবে পেটানো হয়েছে। তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাজমা আক্তারও (১৪) পিটুনির শিকার হয়েছে। গত মঙ্গলবার সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও সমাজপতিদের সহযোগিতায় একটি প্রভাবশালী পরিবারের লোকজন এ নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আহত আম্বিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন আম্বিয়া খাতুন। এলাকাবাসী জানান, সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের স্বামী পরিত্যক্তা আম্বিয়া খাতুন প্রতিবেশী আবদুল মালেক লন্ডনী নামে এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। গত কোরবানি ঈদের সময় তাঁদের ঘর থেকে কিছু স্বর্ণালংকার চুরি হয়। চুরির জন্য তাঁরা আম্বিয়াকে দায়ী করেন। এ নিয়ে বাদানুবাদ হলে আম্বিয়া তাঁদের বাড়িতে কাজ করা বন্ধ করে দেন। গত মঙ্গলবার সকালে আবদুল মালেকের ভাতিজা ইমাম হোসেন মিলন (৩৫), নাতি সুজন (২৪) ও দেলোয়ার হোসেন (২৭) আম্বিয়া খাতুন এবং তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাজমাকে বাড়ি থেকে ডেকে আবদুল মালেকের বাড়ি নিয়ে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন, স্থানীয় সমাজপতি মো. মোস্তফা ও মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের নির্দেশে আম্বিয়াকে একটি টেবিলের ওপর দাঁড় করিয়ে দুই হাত পাশাপাশি সুপারিগাছের সঙ্গে বেঁধে পরে টেবিলটি সরিয়ে নেওয়া হয়। এতে আম্বিয়া হাত বাঁধা অবস্থায় ঝুলতে থাকেন এবং ইমাম হোসেন, সুজন ও দেলোয়ার তাঁকে ঝুলন্ত অবস্থায় পেটাতে থাকেন। এ সময় তাঁর মেয়ে নাজমাকেও পেটানো হয়। মোশারফ হোসেন, মোস্তফা, মোশারফও আম্বিয়াকে পেটান। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এভাবে বারবার একই কায়দায় তাঁকে ঝুলিয়ে পেটানো হয়। বিকেলে সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বিষয়টি জানতে পেরে কয়েকজন যুবককে পাঠিয়ে আম্বিয়াকে সেখান থেকে উদ্ধার করে সোনাগাজী থানায় নিয়ে যান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস রাতেই আম্বিয়াকে দেখতে হাসপাতালে যান। সাংবাদিকেরা গতকাল সকালে তাঁকে দেখতে যান। তারপর সাংবাদিকেরা পুলিশকে চাপ দিতে থাকলে পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়। পুলিশ হাসপাতালে গিয়ে আম্বিয়ার কাছ থেকে এজাহার নিয়ে এসে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মামলা দায়ের করে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নবীর হোসেন বলেন, ‘বিষয়টি আমরা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছি। আসামিকে ধরার চেষ্টা চলছে।’ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন আম্বিয়া খাতুনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অন্যায় হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিচার হওয়া উচিত। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরওয়ার জাহান জানান, আম্বিয়া খাতুনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সুস্থ হয়ে উঠতে কয়েক দিন সময় লাগবে। ইউপি সদস্য মোশারফ আম্বিয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।