গাছে বেঁধে যুবককে নির্যাতনে দুই ভাই কারাগারে
শেরপুরের ঝিনাইগাতীতে মাছ ধরার অপরাধে গাছের সঙ্গে বেঁধে এক যুবককে নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার দুই ভাইকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বন্দভাটপাড়া গ্রামের মাহমুদ আলী ও মো. মোতালেব।
শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইলিয়াছ উদ্দিন আজ বুধবার বিকেলে এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা সদরের বন্দভাটপাড়া গ্রামের হোসেন ফরাজীর ছেলে আবুল বাশারের একটি পুকুর বর্গা নিয়ে বেশ কিছু দিন ধরে মাছ চাষ করে আসছিলেন একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে মো. রূপচাঁন (২৮)। গত মঙ্গলবার সকালে আবুল বাশারের অনুমতি নিয়ে রূপচাঁন ওই পুকুরে মাছ ধরতে যান। এ সময় আবুল বাশার এবং তাঁর দুই ভাই মাহমুদ আলী ও মোতালেব ‘চুরি করে মাছ ধরার’ অপবাদ দিয়ে রূপচাঁনকে গাছের সঙ্গে বেঁধে তাঁর ওপর নির্যাতন চালান। এ সময় রূপচাঁনকে বাঁচাতে গেলে তাঁর বড় ভাই রবিউলকেও (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছের সঙ্গে বাঁধা রূপচাঁন ও তাঁর ভাই আহত রবিউলকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে পাঠায় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহমুদ ও মোতালেবকে গ্রেপ্তার করে। তবে এ সময় বাশার পালিয়ে যান।
ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব বিশ্বাস আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার রূপচাঁন বাদী হয়ে আবুল বাশারকে প্রধান আসামি করে গ্রেপ্তার দুই ভাইসহ ছয়জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছেন। পুলিশ প্রধান আসামি আবুল বাশারসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে।