গাছে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে আজ বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত ব্যবসায়ীর নাম খোন্দকার মনোয়ার হোসেন (৪৫)। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামে। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী রওশন আরা (৩৮) আহত হয়েছেন। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোন্দকার মনোয়ার তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার মিরপুরে মেয়ের বাড়ি থেকে আলমডাঙ্গায় গ্রামের বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মুন্সীগঞ্জ কাশেম ইটভাটার সামনে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মনোয়ার মারা যান। স্থানীয় লোকজন তাঁর স্ত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।