গাছে লিচু নিচে মধু
কমলালেবুর জন্য দেশজুড়া খ্যাতি আছে সিলেটের। সুমিষ্ট কমলা ছাড়াও টিলাবেষ্টিত এ জেলায় লিচুও হয় ভালো। ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে লিচুর চাষ হচ্ছে। ঘিলাছড়া ইউনিয়নের ছয়টি গ্রামের পাঁচ শতাধিক পরিবার লিচু চাষ করছে।শুধু এ মৌসুমে এখানকার চাষিরা লিচু বেচে কোটি টাকা আয় করবেন বলে কৃষক ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। লিচুর ব্যবসাকে ঘিরে হাকালুকি হাওর তীরবর্তী এ ইউনিয়নে মধুর চাষও জমজমাট। ভ্রাম্যমাণ মৌচাষিরা গ্রামে গ্রামে ঘুরে লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করেন।ইউনিয়নের নিজ ঘিলাছড়া, বাদেদেউলী, আশিঘর, পূর্ব বাদেদেউলী, পশ্চিম বাদেদেউলী, যুধিষ্ঠিপুর গ্রামে বেদানা, বোম্বে, চায়না-৩-সহ নানা জাতের লিচু চাষ হচ্ছে।সরেজমিনে লিচুর গ্রামে: ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের দক্ষিণপূর্বে নয় কিলোমিটার দূরে হাকালুকি হাওর পারের ইউনিয়ন ঘিলাছড়া। ছোট-বড় টিলাবেষ্টিত এ এলাকার প্রতিটি বাড়িতে লিচু গাছ চোখে পড়ে। মৌসুমি এই ফলটি এ এলাকার মানুষের আয়ের অন্যতম উৎস।বাদেদেউলী গ্রামের ফয়ছল আহমদের বাড়ির চারদিকে ৫৭টি লিচু গাছ আছে। ৪০টি গাছের লিচু মৌসুমি পাইকারদের কাছে গাছে বিক্রি করে দিয়েছেন তিনি এক লাখ ৫২ হাজার টাকায়। বাকী ১৭টি গাছের লিচু পরিবার, আত্মীয়-স্বজনের চাহিদা পূরণের পর বেচবেন। এবার লিচুর আশানুরূপ ফলন হয়নি বলে জানালেন এই চাষি। তিনি বলেন, ‘সময়মতো বৃষ্টি না হওয়ায় লেচু ভালা অইছে না। না অইলে লেচু বেছিয়া তিন লাখ টেকা পাইতাম।’একই গ্রামের শেখ আবু তাহির ১৪টি গাছের লিচু ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। ভাল দাম না পেয়ে এই চাষিও কিছুটা হতাশ। তিনি বলেন, ‘লেচুর ফুলর (মুকুল) সময় পুকা-মাকড়র লাগি বহুত ফুল ঝরি গেছে।’লিচু থেকে মধু: বাদেদেউলী গ্রামের আবুল কালাম আজাদ ২০০৭ সালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) মৌমাছি প্রকল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে প্রথমে মৌ-চাষ শুরু করেন। ২০০৮ সাল থেকে বিসিক সিলেট কার্যালয়ের তত্ত্বাবধানে ঘিলাছড়া এলাকায় ভ্রাম্যমাণ মৌমাছির খামার গড়ে তোলা হয়।বাদেদেউলী গ্রামের আজিজুর রব চৌধুরীর বাড়ির পাশের বাগানে বিসিকের ভ্রাম্যমান মৌচাষ প্রকল্পে ৩৬টি বাক্সে মধু সংগ্রহ করা হচ্ছে। এ মৌসুমে বিসিকের ভ্রাম্যমান এই খামার থেকে চার মণেরও বেশি মধু সংগ্রহ করা যাবে আশাবাদ ব্যক্ত করেন বিসিকের ভ্রাম্যমান মধু খামারের কারিগরি সহকারী কর্মকর্তা আকবর আলী।বিসিকের মধুর খামার দেখে মৌ-চাষে উৎসাহী হয়ে উঠছেন ঘিলাছড়ার লিচু চাষিরা। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন বাড়িতে পরীক্ষামূলকভাবে মৌ-চাষ শুরু হয়েছে। ১৫-২০ জন চাষি লিচুর পাশাপাশি মধুরও চাষ করছেন বলে জানা গেছে। নিজ ঘিলাছড়া গ্রামের আব্দুল করিম শাহ বলেন, ‘মৌচাষ করে পরিবারের চাহিদা পূরণ করছি। সবকিছুতে যখন ভেজাল, তখন বাড়ির খামারে খাঁটি মধু পাচ্ছি, এটা কম কিসের?’সংশ্লিষ্টরা যা বলেন: বিসিক সিলেট কার্যালয়ের মৌমাছি প্রকল্পের কর্মকর্তা (কারিগরী) ওসমান গণি বলেন, ‘মৌমাছি থাকলে পরাগয়নের মাধ্যমে ফসল বৃদ্ধি হবে। আবার মধু সংগ্রহ করা যাবে। এলাকার লিচু চাষিরা মৌচাষে উৎসাহী হয়ে উঠেছেন। আমরা তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।’ঘিলাছড়ার লিচু চাষের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছিত প্রথম আলোকে বলেন, ‘ঘিলাছড়ার মাটি লিচু চাষের উপযোগী। এ এলাকার অনাবাদি টিলাগুলো লিচু চাষের আওতায় নিয়ে এলে টিলার মালিকেরা লাভবান হতেন।’