গাছের গুঁড়ির পেছনে লুকিয়ে আছে দুষ্ট প্রথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ইলিশা ঘাটে চোখে পড়ল এলোপাতাড়ি পড়ে থাকা গাছের গুঁড়ি। ছোট্ট রাস্তার দুপাশে একাধিক দোকানের সামনে এলোপাতাড়ি রাখা চেরাই কাঠ। ঘিঞ্জি, বিরক্তিকর এ দৃশ্য পার করলেই সুন্দর এক শহর দৃষ্টি কাড়ে। রাস্তার দুপাশে সবুজ আর সবুজ। কিন্তু একটু পরপর মাটিতে লুটিয়ে থাকা কাটা গাছের গুঁড়ি দৃষ্টি আটকে দেয়। স মিল, কাঠ আর আসবাবের দোকান কি একটু বেশি এই শহরে?
পরদিন শহর পেরিয়ে জাঙ্গালিয়া বাজারে গিয়ে কৌতূহলের ডালাটা খুলতেই হলো। একটা ছোট্ট বাজারে এত ফার্নিচারের দোকান কেন? গাড়ি থেকে নেমে কামাল ফার্নিচারের মালিককে প্রশ্নটা করলাম। ছোট্ট একটা বাজারে কেন ১০টা আসবারের দোকান? সঙ্গে দুইটা স মিলও। ১০ বছরের পুরোনো ব্যবসায়ী কামাল হোসেনের সরল জবাব, ‘বিয়েশাদিতে ফার্নিচার দিতে হয়।’ দিতেই হয়? জবাব, ‘হ্যাঁ, মেয়ের সুখের কথা চিন্তা করলে তো দিতে হবে। পাত্র সরকারি চাকরি করলে তো সঙ্গে মোটরসাইকেলও দিতে হবে। বর বাহরাইন বা সিঙ্গাপুরপ্রবাসী হলে এসবের পাশাপাশি লেপ-তোশক, হান্ডি-পাতিলও দিতে হবে। এই বাজারে চারটা লেপ-তোশকের দোকানও আছে।’ না দিলে কি হবে? ‘এটাই সমাজের রীতি’—নির্বিকার কামাল।
আপনার মেয়ে আছে? ‘তিন মেয়ে। ছয় লাখ টাকা তো জোগাড় রাখতেই হবে’—বললেন কামাল। ইতিমধ্যে তাঁর দোকানের সামনে লোকজন জমে গেছে। বেশির ভাগ পাশের ফার্নিচারের দোকানদার। একজন কামালকে খোঁচা দিলেন, ‘ছেলে যে একটা আছে, হেইডা তো কইলা না।’
আপনার ছেলে আছে? ‘আছে একটা’—বললেন কামাল। যৌতুক নেবেন? ‘এক টাকাও নিব না। কিন্তু মেয়েরে যদি দিতে হয়, ছেলের বেলায় এক টাকাও ছাড়ুম না।’ রাখঢাক রাখলেন না কামাল।
জটলায় দাঁড়িয়ে থাকা এক তরুণ মিটিমিটি হাসছেন। নাম মো. শিমুল। ভোলা কলেজে ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের ছাত্র। বিয়েতে যৌতুক নেবেন কি না জানতে চাইলে ‘না’ সূচক মাথা দোলালেন।
এত এত গাছ কাটা হচ্ছে, ভূরি ভূরি ফার্নিচারের দোকান—সবই কি যৌতুকে যায়? শিমা ফার্নিচারের মালিক আবু তাহের বললেন, ‘ভোলার মানুষের ঘরে ভাতের চাল থাকুক আর না থাকুক, ফার্নিচার থাকতে হবে। তবে এটা ঠিক, মেয়ের বিয়েতে ফার্নিচার দিতে হয়। আমিই তো মেয়েকে এক সেট ফার্নিচার দিয়েছি, এক লাখ টাকা গেছে। সাধারণত সোয়া লাখ থেকে দুই লাখ টাকার ফার্নিচার দেওয়া হয়। আমরাই তো এগুলো বানাই।’
মাকসুদ মিস্ত্রির (২৮) মেয়ের বয়স চার বছর, ছেলের দুই। বললেন, ‘আমি যদি না দিয়ে মেয়ে বিয়ে দিতে পারি, তাহলে ছেলের জন্য নিব না। কিন্তু দিতে হইলে আমিও নিব।’
মাকসুদের মতে, কাবিন বেশি হওয়া যৌতুকের একটা কারণ। বললেন, ‘আমার কাবিন ছিল ৬০ হাজার টাকা। এখন একেকজনের কাবিন পাঁচ লাখ টাকা। তখন ছেলেপক্ষ বলে, আগেই দুই-চাইর লাখ টাকা লইয়া লই।’
কামাল জানালেন, তিনি ১৫ বছর আগে বিয়ে করেছেন। শ্বশুরপক্ষ একটা আংটি দিয়েছে। বরের সাজসজ্জার জন্য দিয়েছেন ১ হাজার ৫০০ টাকা। বললেন, ‘শুনছি, আমার মাকে যখন বাবা নানির বাড়ি থেকে আনছে, তখন একটা থাল (প্লেট) দিছিল। আর এখন দিতে হয় ডিনার সেট। ছেলে চাকরিজীবী হলে অ্যাপাচি, ডিসকভারি মোটরসাইকেল দিতে হয়। বাপ-দাদার বয়সে এগুলোর নাম শুনিনি।’
জটলায় যুক্ত হওয়া ৭০ বছর বয়সী আবদুল হক বলেন, ‘এককথায় ঘটনা হইলো—ছেলের বাপের ঠ্যাং দুলানি, মেয়ের বাপের চোখে পানি।’
পরের তিন দিন ভোলা শহরের আশপাশের এলাকা, বাংলাবাজার, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঘুরে স মিল, কাঠ আর ফার্নিচারের দোকানের আধিক্য চোখে পড়ল। তবে জাঙ্গালিয়া বাজারের আসবাব ব্যবসায়ীদের মতো সবাই এতটা খোলামেলা যৌতুকের কথাটা বলতে চাননি। সতর্ক এই ব্যবসায়ীরা বলেছেন, জেলায় দালানকোঠা হচ্ছে, লোকজন বাড়িঘর করছে, তাই কাঠ লাগছে। তবে বিয়েতে আসবাব দেওয়ার বিষয়টি তাঁরা কুণ্ঠা নিয়ে স্বীকার করেছেন।
ভোলা জেলা স মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসমত আলী হাওলাদার বলেন, জেলায় চার শতাধিক স মিল আছে। এর মধ্যে ২৮৮টি সমিতিভুক্ত। এসব স মিলে প্রতিদিন গড়ে ৮০ হাজার ঘনফুট কাঠ চেরাই হচ্ছে। এসব কাঠ ফার্নিচার ও ঘর তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। গাছ কাটার পাশাপাশি বনায়ন করছেন দাবি করে আসমত আলী বললেন, তাঁরা বিভিন্ন প্রজাতির ৪৫ হাজার গাছ রোপণও করেছেন সমিতির পক্ষ থেকে।
বন বিভাগের হিসাবমতে, ভোলার মোট আয়তনের ৩৫ ভাগ সবুজে মোড়া। সাধারণত পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ এলাকায় বনায়ন করার কথা বলা হয়। বাংলাদেশে মাত্র ১৩ ভাগ বন আছে।
ভোলা জেলা ফার্নিচার মালিক সমিতির সভাপতি আলতাজের রহমান বললেন, ভোলার সাত উপজেলায় প্রায় দেড় হাজার ফার্নিচারের দোকান আছে। এর মধ্যে ভোলা পৌরসভায় সমিতিভুক্ত দোকানই আছে ৪৫টি। তাঁর দাবি, ‘ভোলার মানুষ শৌখিন। তারা বেসরকারি সংস্থা (এনজিও) ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নিজের এবং মেয়ের জামাইয়ের বাড়ির জন্য ফার্নিচার ক্রয় করেন।’
ভোলার সমাজে যৌতুকের আরও চিহ্ন প্রকাশ্য। যেমন সোনার দোকান। ভোলা পৌর এলাকাতেই ৮০টির মতো সোনার দোকান আছে। আর জেলায় সোনার দোকানের সংখ্যা সাড়ে সাত শ। জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক অবিনাশ নন্দী বললেন, কম-বেশি যা-ই হোক, অলংকার ছাড়া তো বিয়েশাদি হয় না। তবে প্রতি মাসেই নিজ সম্প্রদায়ের দু-একজন দরিদ্র মা-বাবাকে যৌতুকের দাবি মেটাতে সহায়তা করতে হয় তাঁদের।
চরফ্যাশন থেকে ভোলায় ফেরার পথে বাসে কথা হয়েছিল মনপুরার তরুণ সুজন কান্তি মহাজনের সঙ্গে। ডিগ্রিতে পড়ুয়া সুজন জানালেন ভিন্ন তথ্য। যেসব পাত্র পকেট জালের (ইলিশ ধরার জাল) মালিক, তারা পরিবারের শিক্ষিত মেয়ে আনতে চাইলে সে ক্ষেত্রে যৌতুক নেন না। তবে এমন ঘটনা হাতে গোনা।
জেলায় বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা ও জনসচেতনতামূলক কাজ করছেন বলে জানান ভোলা জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জেবুন্নেছা। গত ১১ মাসে তাঁরা যৌতুকের জন্য নারী নির্যাতনের অভিযোগে ৩৩১টি মামলা গ্রহণ করেছেন বলে জানান। এর মধ্যে ১৮টি সমঝোতার মাধ্যমে এবং ১১৮টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এ হিসাব বলছে, দিনে একটি যৌতুকের মামলা গ্রহণ করছেন তাঁরা।
ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত থেকে প্রতিমাসে কমপক্ষেÿ১৫টি মামলা তদন্তের জন্য তাঁদের কাছে পাঠানো হয়।
বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট ও ব্র্যাক বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে। কোস্ট ট্রাস্টের কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) সমন্বয়কারী জহিরুল ইসলাম বলেন, তাঁরা কাজ করেন এমন অন্যান্য জেলার তুলনায় ভোলায় যৌতুকের কারণে নারী নির্যাতনের ঘটনা বেশি।