গাছের গোড়ায় লবণ,৩৫০টি চারা মরে যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে প্রতিহিংসায় প্রতিপক্ষের বাগানের গাছের গোড়ায় লবণ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।নতুন সৃজিত বাগানের গাছের গোড়ায় লবণ প্রয়োগের কারণে ৩৫০টি চারা মরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বাগানের মালিক। ১২ জুন গভীর রাতে ঘটনাটি ঘটে। ১৩ জুন বেলা তিনটায় সরেজমিন ঘুরে দেখা যায়, বৈদ্যনাথপুর গ্রামের নিজাম উদ্দীনের সৃজিত বাগানে প্রতিটি গাছের গোড়ায় লবণ দেওয়া হয়েছে। গত দু-তিন দিনের সৃজিত অধিকাংশ চারাগাছ মরে পাতা ঝরতে শুরু করেছে।অভিযোগ করে বাগানের মালিক নিজাম উদ্দীন জানান, প্রতিবেশী ছয়তুল মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায়শই ছয়তুল মিয়া তাঁর বাড়ির বাঁশ কেটে নেওয়াসহ নানাভাবে হয়রানি করেন।এ ব্যাপারে নিজাম উদ্দীন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ১২ জুন গভীর রাতে ছয়তুল মিয়া তাঁর বাগানের সবগুলো গাছের গোড়ায় লবণ প্রয়োগ করলে বুধবার ভোর থেকে চারাগাছের পাতা ঝরে মরতে শুরু করে। এভাবে একে একে পুরো বাগানের সৃজিত গাছগুলো মরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আয়মুছ আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি খুবই অমানবিক একটি কাজ। বিষয়টি নিয়ে তিনি অভিযুক্তকে ডেকে সালিস বৈঠকের উদ্যোগ নেবেন। পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী নিজাম উদ্দীন ও ছয়তুল মিয়ার মধ্যকার দীর্ঘদিনের বিরোধের কথা স্বীকার করে বলেন, গত মঙ্গলবার রাতে যে ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।তবে অভিযুক্ত ছয়তুল মিয়া বলেন, জমি নিয়ে প্রতিবেশী নিজাম উদ্দীনের সঙ্গে দীর্ঘ ১১ বছর ধরে বিরোধ চলছে। গত মঙ্গলবার রাতে নিজামের বাগানের গাছের গোড়ায় লবণ প্রয়োগের ব্যাপারে বলেন, তিনি এ ঘটনা ঘটাননি।