গাছের চারা পোড়াল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় বিটের আওতাধীন বড়থলি এলাকায় বন বিভাগের নার্সারির প্রায় ৩০ হাজার চারাগাছ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুনতি সাতগড় বিট এলাকায় ২০ হেক্টর জায়গায় সামাজিক বনায়নের লক্ষ্যে আকাশমণি, গামারি, হরীতকী, বহেরা, আমলকি, অর্জুন, কড়ই, চিকরাশি ও শিমুল গাছের প্রায় ৩০ হাজার চারা তৈরি করা হচ্ছিল। এ চারাগাছে ছায়া দেওয়ার জন্য নির্মিত ছনের ছাউনিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে কচি চারাগুলো পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লোহাগাড়া পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শোয়েব খান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।