গাছের ছায়ায় বকের মায়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ীর দিকপাড় গ্রামে ব্রজেন্দ্র চন্দ্র বর্মণের সেই ‘বকবাড়ি’ l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ীর দিকপাড় গ্রামে ব্রজেন্দ্র চন্দ্র বর্মণের সেই ‘বকবাড়ি’ l প্রথম আলো

বাড়ির চারপাশজুড়ে বাঁশঝাড় আর বড় বড় গাছ। ঝাঁকে ঝাঁকে বক এসে আশ্রয় নিয়েছে গাছগাছালিতে। সকাল-সন্ধ্যা ওদের ডাকে মুখর থাকে গোটা বাড়ি। বকের ডানা ঝাপটানি আর কোলাহল দেখতে ভিড় জমান অনেকে।

প্রতিবছর চৈত্র-বৈশাখে দল বেঁধে এই বাড়িতেই এসে পাখিগুলো বাসা বানায়, ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। তারপর আশ্বিন-কার্তিক মাসে উড়ে যায়। বাড়িটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিকপাড় গ্রামে। বাড়ির মালিক ব্রজেন্দ্র চন্দ্র বর্মণ। এলাকার লোকে একে ‘বকবাড়ি’ নামে চেনেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, ‘সম্প্রতি বকের কোলাহল দেখতে ওই গ্রামে গিয়েছিলাম। পাখিরা সাধারণত যেখানে নিরাপদ মনে করে, সেখানেই দীর্ঘদিন অবস্থান করে। ওই বাড়িটি পাখিরা নিরাপদ মনে করে বলেই প্রতিবছর একটা সময় এখানে চলে আসে।’

প্রায় ৩৮ বছর ধরেবকেরা এই বাড়িতে আসে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির বাসিন্দারা। সম্প্রতি এক বিকেলে বাড়িটিতে গিয়ে দেখা গেছে, চারপাশে বাঁশের ঝোপঝাড় ও বড় বড় গাছপালা। কয়েকটি বাঁশ হেলে পড়েছে। এসব ঝাড়ের একটি বাঁশও কাটা হয় না, পাছে বকগুলো ভয় পেয়ে উড়ে যায়। সন্ধ্যা নামার আগেই ঝাঁকে ঝাঁকে বক উড়ে আসতে থাকে। খাবার নিয়ে আসা বকের দল ছানাদের মুখে খাবার তুলে দেয়। ছানারা মায়ের সঙ্গে খুনসুটিতে মাতে। মা বক পরম মমতায় ডানার নিচে ছানাদের জড়ায়। এ সময় বকের ডাকে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।

ব্রজেন্দ্র চন্দ্র বর্মণের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে থেমে যায় কোলাহল। আবার ভোরে সরব হয়ে ওঠে ওরা। দল বেঁধে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বকের ডিম, ছানা ও পরিত্যক্ত মাছ খাওয়ার লোভে পাশের পুকুর ও ডোবা থেকে বাঁশঝাড়ের নিচে জড়ো হয় সাপ ও গুইসাপ।

ব্রজেন্দ্রর ছেলে সতীন্দ্র চন্দ্র বর্মণ দাবি করেন, ‘প্রতিবছর দুই-তিন হাজার বক আমাদের বাড়িতে চলে আসে। রাত-দিন বকের প্রতি নজর রাখতে হয়। কেউ এদের উৎপাত করতে পারে না। বাঁশঝাড় ও আমগাছে বক ছাড়াও বিভিন্ন জাতের পাখি থাকে।’ এ জন্য তাঁরা কোনো গাছ কাটেন না।ব্রজেন্দ্রর স্ত্রী সমলা বর্মণ বলেন, ‘মাঝেমধ্যে পাড়ার দুষ্ট ছেলেরা বকের ছানা চুরি করতে আসে। আমরা বাধা দিই।’

ব্রজেন্দ্র চন্দ্র বর্মণের বয়স এখন ৯০। তিনি বলেন, ‘পাখির কলরব না থাকলে ভালো লাগে না। আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরাও পাখিদের ভালোবেসে ফেলেছে।’

বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর বলেন, দীর্ঘদিন ধরে বকের সঙ্গে পরিবারটির ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে।