গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় আজ শুক্রবার দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রতনের বাড়ি নগরীর মাসদাইর এলাকায়। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় থাকতেন এবং কাভার্ড ভ্যান চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা হায়দার মিয়ার গাছের ডাল বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ছিল। শুক্রবার সকালে ৫০০ টাকা চুক্তিতে রতন মিয়াকে গাছের ডাল কাটতে দেন হায়দার। ডাল কাটার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে রতনের ঝলসে যাওয়া দেহ গাছের সঙ্গে ঝুলে থাকলেও আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে সাহস পায়নি। পরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় রতনের মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে রতনের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।