গাছের ডাল দিয়ে শিক্ষক পেটালেন স্কুলছাত্রকে!
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল শনিবার খন্দকার ইসমাইল নামের এক স্কুলছাত্রকে গাছের ডাল দিয়ে পিটিয়েছেন এক শিক্ষক। উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও ইসমাইলের পরিবারের সদস্যরা জানান, সকাল সোয়া ১০টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ‘গ’ শাখার কয়েকজন ছাত্র ‘ঘ’ শাখার শ্রেণীকক্ষে ঢুকে দুষ্টুমি করে। এ সময় ইসমাইলকে ‘গ’ শাখার ছাত্র মনে করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস মিয়া মেহগনিগাছের ডাল দিয়ে ইসমাইলকে পেটান। পরে ইসমাইলের সহপাঠীরা তাকে বাড়ি পৌঁছিয়ে দেয়। বাড়িতে গিয়ে ইসমাইল অচেতন হয়ে পড়ে। পরে তার মাথায় পানি দিলে সে স্বাভাবিক হয়। দুপুরে ইসমাইলের শরীরে প্রচণ্ড জ্বর এলে তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। স্কুলে গিয়েও অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি ওই ছাত্রের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি।’ আজ রোববার শিক্ষকের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে বলে তিনি জানান। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।