গাছের ডাল পড়ে গাছ কাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁর বদলগাছিতে গাছের ডাল পড়ে বাবু ইসলাম (৪০) নামের গাছ কাটার এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ইসলাম উপজেলার একই ইউনিয়নের ঢেকড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, কোমারপুর গ্রামের নজরুল ইসলাম তাঁর একটি বড় পাইকড়গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। গাছের ক্রেতা জিয়াউর রহমান গতকাল শ্রমিক লাগিয়ে গাছটি কাটাতে শুরু করেন। দুপুর সাড়ে বারোটার দিকে শ্রমিক বাবু গাছের নিচ থেকে কাটা ডালপালা সরিয়ে নেওয়ার কাজ করছিলেন। তখন ওপরে আরেক শ্রমিকের কাটা গাছের আরেকটি ডাল তাঁর ওপর পড়ে। স্থানীয় লোকজন আহত বাবু ইসলামকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল পড়ে গাছ কাটার শ্রমিক বাবু মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।