গাছের মালিকানা নিয়ে সংঘর্ষ, প্রতিবেশীকে কুপিয়ে খুন
দুটি গাছের মালিকানা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের হামলায় রতন দাশ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক কিশোরকে আটক করেছে।
আজ শনিবার বেলা ১১টার সময় আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন দাশ মৃত নির্মল দাশের পুত্র।
নিহত রতন দাশের মেয়ে অন্তরা দাশের অভিযোগ, বাড়ির প্রবেশমুখে দুটি গাছের মালিকানা নিয়ে রতন দাশের সঙ্গে প্রতিবেশীকে টিটু ভৌমিক (৫২) ও মিন্টু ভৌমিকের (৪০) মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে ওই গাছের ডাল কাটতে গেলে রতন দাশকে বাধা দেন টিটু ও মিন্টু। এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ দুই পক্ষকে গাছ কাটতে নিষেধ করে। এরপরও মিন্টু ও তাঁর পরিবারের লোকজন আজ সকালে গাছ কাটতে গেলে রতন দাশ বাধা দেন। তর্কাতর্কি থেকে সংঘর্ষে শুরু হলে একপর্যায়ে কোপানো হয় রতনকে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। ঘটনার পর টিটু ও মিন্টুর পরিবারের লোকজন পালিয়ে যায়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, রতন দাশের আঘাত ছিল গুরুতর। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি হাতে দায়ের কোপের চিহ্ন ছিল। রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘গাছের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর আমরা একজনকে আটক করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’