গাছের সঙ্গে আলমসাধুর ধাক্কা, ৩ কিশোর নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আলমসাধুর যাত্রী তিন কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে ডম্বলপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কিশোর হলো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. প্রিন্স (১৭) ও মুকুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৬) এবং গাজীপুরের মো. রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (১৭)। প্রিন্স ঘটনাস্থলে এবং সজল ও ইমন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সন্ধ্যায় মারা যায়। আহত দুজন হচ্ছে আলমসাধুর চালক পারকুলা গ্রামের রুবেল হোসেন (১৬) ও ইমনের যমজ ভাই হৃদয় হোসেন (১৭)। তাদের আলমডাঙ্গা সদরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত প্রিন্সের চাচা মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে বসবাসকারী প্রিন্স ও সজল ঈদের ছুটিতে আজ শুক্রবার গ্রামের বাড়িতে আসছিল। বিকেল তিনটার দিকে কুষ্টিয়া শহরে পৌঁছালে তাদের সঙ্গে যমজ দুই ভাই হৃদয় ও ইমন যোগ দেয়। এরপর তারা একটি আলমসাধুযোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ডম্বলপুর পৌঁছালে দ্রুতগামী আলমসাধু নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রিন্স নিহত এবং অন্যরা আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও আলমডাঙ্গার দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমন ও সজল মারা যায়। নিহত ইমন প্রিন্সের খালাতো ও সজল ফুপাতো ভাই।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রিন্সের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। অন্য দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।