গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশে গাছের সঙ্গে পোশাক তৈরির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার মান্দারবাড়িয়া জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চালক ওমর ফারুক (৩০) ও তাঁর সহকারী মো. সোহাগ (২৫)।
ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর গ্রামের আলী আহমেদের ছেলে। সোহাগ একই জেলার সুধারাম উপজেলার এজবাড়িয়া গ্রামের মো. সিরাজের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি পোশাক তৈরির পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। চট্টগ্রামমুখী একটি তেলের লরিকে পাশ কাটাতে গিয়ে এটি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ওই দুজন নিহত হন। দুর্ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যান। তেলের গাড়িটিকে ফাঁড়িতে নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যান থেকে পণ্য খালাসের কাজ চলছে। পরে গাড়িটিকে উদ্ধার করা হবে।