গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত
বরগুনার আমতলী উপজেলায় গাছের সঙ্গে রডবোঝাই ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় চালক নিহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তায় চম্বলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের সহকারী গুরুতর আহত হন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার সিকদারবাড়ি নামক স্থানে পটুয়াখালী-আমতলী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রডবোঝাই ট্রাকটি পটুয়াখালীর কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল।
নিহত ট্রাকচালকের নাম সোহাগ মোড়ল (৩০)। বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার চাচরামাল গ্রামে। বাবার নাম আলী হোসেন।
আহত সহকারীর নাম বাদশা মিয়া (২২)। তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ট্রাকটি কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে আমতলীতে পৌঁছার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি চম্বলগাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক সোহেল ট্রাকের ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত চালকের সহকারী বাদশা মিয়াকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।