গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের পরীক্ষার পাসের মিষ্টি আনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবাসহ তিনজন। আজ রোববার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, আবদুল হালিম (৪৫), খায়ের বিশ্বাস (৩৩) ও রফিকুল ইসলাম মোল্লা (৩৫)। তাঁদের বাড়ি বাররা গ্রামের। আবদুল হালিমের ছেলে জুয়েল রানা এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলের জিপিএ-৫ পাওয়ার আনন্দে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য আবদুল হালিম আজ সকালে স্থানীয় বসুন্দিয়া বাজার যান। দোকানে মিষ্টির অর্ডার দিয়ে তিনিসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে খায়ের বিশ্বাস, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হালিম মারা যান।

হাসপাতালে বাবাকে দেখতে এসে জুয়েল রানা জানায়, সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার ভাষায়, ‘আব্বারে বলিলাম, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। স্কুলে মিষ্টি নিয়ে যাবো। সকালে দোকানে মিষ্টির অর্ডার দিয়ে ফেরার পথে আব্বা মারা গেছেন।’

আবদুল হালিমের ভাই ইমামুল রানা বলেন, গ্রামের বাজারের মিষ্টির দোকানে এক সঙ্গে বেশি মিষ্টি পাওয়া যায় না। তাই বসুন্দিয়া বাজারে তাঁর ভাই মিষ্টির অর্ডার দিতে যান। সেখান থেকে ফেরার পথে আলাদিপুর এলাকায় দুর্ঘটনা মারা যান তাঁর ভাই।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।