গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভূতের বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাপাসিয়ার বাসিন্দা শাহজাহানের ছেলে মানিক মিয়া (৩০) ও চট্টগ্রামের সাইফুজ্জামান (৪২)। আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার (৩৩), কালীগঞ্জের আলতাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), ভবানীপুরের দিরেন্দ্র কুমারের ছেলে গোরবধন (৪৮), উত্তর খামের গ্রামের আতাউরের মেয়ে তায়বা আক্তার (২১), চালাবাজার এলাকার আবদুস সামাদের ছেলে আতিক (২২)। আহত সবাই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাওয়াল পরিবহনের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। ভূতের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।