গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের বিহারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজন বাসযাত্রী ও একজন এলাকার ভাটাশ্রমিক। নিহত যাত্রী দুজনের পরিচয় জানা যায়নি। তবে ভাটাশ্রমিকের নাম জব্বার আলী (৫৫)। তাঁর বাড়ি উপজেলার হাররামপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে সাদ্দাম এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিহারপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।