গাছের সঙ্গে বাসের ধাক্কা নিহত ৫, আহত ২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসের পাঁচ যাত্রী নিহত ও আরও ২৫ জন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার বাগডাঙ্গা প্রেমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। একই দিন নওগাঁর মান্দা উপজেলায় বাসের চাপায় মাসুদ রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন হলেন বাসের সুপারভাইজার দিনাজপুর সদর উপজেলার নিমতলা বালুবাড়ী গ্রামের মো. গোলাম মোস্তফা (৩৮), যাত্রী গাইবান্ধা সদর উপজেলার বলদিয়া গ্রামের বাসিন্দা বীরগঞ্জের ব্র্যাক কর্মকর্তা কোরবান আলী (৪৫), বীরগঞ্জ উপজেলার জামতলী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও কাহারোল সমবায় কার্যালয়ের কর্মচারী শামিমা আকতার (৩০), মুচিবাড়ী গ্রামের লায়লা বেগম (১৯) ও ধুলাইড় গ্রামের ইউসুফ আলী (৬০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি গতকাল সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলার বাগডাঙ্গা প্রেমবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গোলাম মোস্তফা ও কোরবান আলী নিহত এবং হাসপাতালে ভর্তি করার পর অপর তিনজন মারা যান।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো মাহমুদুল হাসান জানান, আহতদের মধ্যে পাঁচজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মোট ১৫ জন ভর্তি আছেন। এঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, আবদুল মান্নান তাঁর বন্ধু মাসুদ রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নওগাঁয় আসছিলেন। সকাল ১০টার দিকে তাঁরা মান্দার জলছত্র এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা (২৬) নিহত ও মান্নান আহত হন। মান্নানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাসুদের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বেরাবাড়ী গ্রামে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।