গাছের সঙ্গে বাসের ধাক্কা প্রাণ গেল চার যাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গতকাল রোববার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজনের প্রাণহানি ঘটেছে। সুনামগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে মারা গেছেন দুজন। শনিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জে এ ঘটনা ঘটে।
মাদারীপুরে নিহত ব্যক্তিরা হলেন বাসটির হেলপার সোহাগ (৩০), যাত্রী মামুন মুয়াজিন (৪০) ও ভানু ঘোষ (৪৫)। অপরজনের (৩০) পরিচয় পাওয়া যায়নি।
আর সুনামগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সচালক কদর মিয়া (২৮) ও রোগী আবু বকর (৫৫)।
মাদারীপুরে দুর্ঘটনাকবলিত বাসটির কয়েকজন যাত্রী জানান, বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি দ্রুতগামী বাস গতকাল বেলা একটার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও একজন।
বাসযাত্রী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক পালিয়ে যান। ঘটনাস্থলের দুই দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁরা জানান, দুর্ঘটনায় ৩৪ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৮ জনকে ফরিদপুর ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের আহত যাত্রী সালমা আক্তার বলেন, ‘ড্রাইভার ফোনে কথা বলছিল। কয়জন মারা গেছে জানি না।’
মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক জি এম জাফরুল্লাহ জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ১০ হজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
অ্যাম্বুলেন্স খাদে: অ্যাম্বুলেন্সে থাকা রোগী আবু বকরের ছেলে হাবিবুর রহমান জানান, তাঁর বাবা সুনামগঞ্জ শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁরা তিনজন তাঁর বাবাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশে রওনা হন। পথে রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দামোধরতুপি এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় দুজন অ্যাম্বুলেন্স থেকে বের হতে পারলেও তাঁর বাবা ও চালক বের হতে পারেননি। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।