সড়ক বিভাজকের ওপর বাস, আহত ১৬
রাজধানীতে মৎস্য ভবনের সামনে সড়ক বিভাজকের ওপরে যাত্রীবাহী বাস উঠে গেছে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যাত্রী মনির হোসেন, শাহনাজ আক্তার ও মৌমিতা বলেন, মেঘলা পরিবহনের বাসটি গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। মৎস্য ভবনের কাছে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায় এবং বিভাজকে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন মনির হোসেন (৪৫), নাইম (৩০), সোহেল (২৭), তুষার (২৫), আমির হোসেন (৬২), রহিমা খাতুন (৫০), জামিল আক্তার (৪৫), আলী নূর (৪০), ফাতেমা (৫০), আরিফ (৩৫), আব্দুর রহমান (৩২), মৌমিতা (১২), মোহাম্মদউল্লাহ (২৪), বেল্লাল (৩২), শাহনাজ আক্তার (২৫) ও কুলসুম (২৭)।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।