গাছের সঙ্গে বেঁধে আ.লীগ নেতার অমানুষিক নির্যাতন!
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে স্থানীয় এক যুবলীগ কর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঙ্গে যুবলীগের কর্মী মাহবুবুর রহমান ওরফে বিপ্লবের কয়েক দিন আগে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মাহবুবুরকে খুঁজতে থাকেন তিনি। তাঁকে না পেয়ে সোমবার তাঁর ভাগনে আসাদুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালান। এতে আসাদুলের একটি পা ভেঙে যায়। গুরুতর আহত আসাদুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। নির্যাতনের কথা স্বীকার করে আবদুল মালেক বলেন, ‘আমি তাকে বিপ্লবের কথা জিজ্ঞাসা করেছি। সে বলে, জানলেও বলব না। এতে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তাই তাকে কিছু দিয়েছি।’অর্থোপেডিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আসাদুল (২০) বলেন, ‘বিপ্লব সম্পর্কে আমার মামা। ১৫ জুলাই মামার সঙ্গে আবদুল মালেকের মারামারি হয়। সোমবার সকালে এক প্রতিবেশী এসে খবর দেন, আবদুল মালেক আমাকে দেখা করতে বলেছেন। খবর পেয়ে আমি তাঁর বাসার সামনে গেলে তিনি বিপ্লবের অবস্থান জানতে চান। আমি তাঁর অবস্থান জানাতে না পারায় তিনি আমাকে তাঁর বাড়ির সামনে গাছের সঙ্গে পিঠমোড়া করে বাঁধেন। তারপর একটা ছুরি গলায় চেপে ধরেন। এতে খানিকটা কেটে যায়। পরে লাঠি দিয়ে পেটাতে থাকেন।’আসাদুল বলেন, ‘পেটানো শেষে বাঁধন খুলে আমাকে দুই ঘণ্টা হাঁটতে বলেন। পা ভেঙে যাওয়ায় আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না। পরে আমার নানা দৌড়ে এলে তাঁর সামনে আবার কয়েকটা লাথি মারেন। হাতে-পায়ে ধরে তাঁর কাছ থেকে ছাড়িয়ে নানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা আমাকে রাজশাহী পাঠিয়ে দেন।’ আসাদুলের আরেক মামা হুমায়ুন কবির বলেন, ‘আসাদুলের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে এখনো মামলা করা হয়নি। আজ (মঙ্গলবার) মামলা করব।’