গাছের সঙ্গে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদরের সাতমাইল এলাকায় যশোর–ঝিনাইদহ মহাসড়কে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে–মুচড়ে যাওয়া বাস l ছবি: এহসান–উদ–দৌলা
যশোর সদরের সাতমাইল এলাকায় যশোর–ঝিনাইদহ মহাসড়কে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে–মুচড়ে যাওয়া বাস l ছবি: এহসান–উদ–দৌলা

বেপরোয়া চালকের দোষে প্রাণ গেল ছয় বাসযাত্রীর। গুরুতর আহত আরও ৩৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় একটি গাড়িকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় রাস্তার পাশে বড় গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি।
এ ছাড়া গতকাল সকালে খুলনায় এক স্কুলছাত্র এবং মেহেরপুরে এক ভ্যানচালক নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। রাজধানীতে নিহত হয়েছেন দুজন। এ নিয়ে গত ৮৭ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন অন্তত ৭৫৮ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোরে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দ রায়, তাঁর স্ত্রী ইতি রানী রায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সদরের আড়পাড়া এলাকার এনামুল হক ও বাদুড়গাছা গ্রামের রামপ্রসাদ বিশ্বাস এবং যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের রিজিয়া বেগম। নিহত একজনের পরিচয় জানা যায়নি।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কল্লোল কুমার সাহা জানান, পাঁচজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো দরকার।
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে সকালে রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসে। দ্রুতগতিতে চলতে থাকা বাসটি সকাল ১০টার দিকে যশোর সদরের সাতমাইল এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে অপর একটি গাড়িকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বড় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চারজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের মধ্যে আটকে থাকা আহত যাত্রীদের বের করে হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।
এ দুর্ঘটনার কারণে বেলা আড়াইটা পর্যন্ত ব্যস্ততম ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ রেকার দিয়ে বাসটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে যখন একের পর এক মুমূর্ষু রোগীবাহী গাড়ি হাসপাতালে ছুটছিল, তখন হতাহত ব্যক্তিদের স্বজনদের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে।
হাসপাতালে চিকিৎসাধীন পাবনার ঈশ্বরদীর পেয়ারাখালী গ্রামের বাসিন্দা তুহিনুর রহমান (৪৬) প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে বাসে উঠেছিলাম। শুরু থেকেই চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটল।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, বেপরোয়া গতিতে চলা বাসটি অপর গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় বলে যাত্রীরা জানিয়েছেন। বাসচালক ও তাঁর সহকারী পালিয়েছেন।
এদিকে খুলনা নগরের ফুলবাড়ী গেট এলাকায় জনতা মার্কেটের সামনে গতকাল সকালে খুলনা-যশোর মহাসড়কে দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে ওই এলাকার সোনালী জুট মিলের শ্রমিক ফজলু সরদারের ছেলে। সাইকেল চালিয়ে মোস্তাফিজুর বাসায় যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সাইকেলসহ সে খাদে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাসের চাপায় ইদ্রিস আলী (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলীর বাড়ি গাংনীর মহেশপুর গ্রামে।