গাছের সঙ্গে শত্রুতা!
পূর্বশত্রুতার জের ধরে রাতের অন্ধকারে মেহেরপুর সদর থানার পাশের একটি লিচুবাগানের ৪৭টি লিচুগাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় সদর থানায় বাগানের মালিক গোলাম নবী বাদী হয়ে মামলা করেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল লিচুবাগানের সম্মুখভাগের ৪৭টি গাছ কেটে মাটিতে ফেলে রেখেছে দুষ্কৃতকারীরা। বাগানের মালিকের ছেলে সাহেদ ও চন্দন জানান, পাঁচ বছর আগে তাঁরা ফলদ এই বাগানটি কেনেন। গত বছর বাগানের প্রতিটি গাছেই লিচু ধরেছিল। এ বছর ব্যবসায়িক স্বার্থে তাঁরা ব্যাপক পরিচর্যাসহ বাগানের আয়তন বাড়ান। গত শুক্রবার দুপুরেও তাঁরা বাগানের পরিচর্যা করে বাড়ি গেছেন। গতকাল শনিবার সকালে উঠেই তাঁরা শুনতে পান, কে বা কারা বাগানের ফলদ ৪৭টি লিচুগাছ কেটে সাবাড় করে দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা এ ঘটনার কারণ কীতা সঠিকভাবে বলতে পারেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, থানার পাশের একটি লিচু বাগানের ৪৭টি গাছ কাটায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।