গাছের সঙ্গে শত্রুতা
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক চাষির ৫১টি ইউক্যালিপটাসগাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চাষি গত শুক্রবার ধুনট থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হিজুলি গ্রামের আবদুস সামাদের বাড়ির পাশে একই গ্রামের জামাল উদ্দিন দুই বছর আগে ২০ শতক জমি কেনেন। ওই জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। ওই জমির আইলে জামাল উদ্দিন ৫১টি ইউক্যালিপটাসগাছের চারা লাগান। জমি কেনার কিছুদিন পর এসব গাছের চারা লাগানো হয়। ১৫ মে সন্ধ্যা সাতটায় আবদুস সামাদ ও তাঁর ভাই তহির উদ্দিন গাছগুলো কেটে ফেলে রেখে চলে যান।জামাল উদ্দিন গাছ কাটার অভিযোগে শুক্রবার আবদুস সামাদ ও তহির উদ্দিনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে গতকাল শনিবার ধুনট থানার সহকারী উপপরিদর্শক সাহাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আবদুস সামাদ বলেন, ‘জামাল উদ্দিন আমার বাড়ির পাশে জমি কিনেছেন। জমিটি আমিও কিনতে চেয়েছিলাম। এ কারণে গাছ কাটার ঘটনায় তিনি আমাকে সন্দেহ করে অভিযোগ দিয়েছেন। তবে আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’ধুনট থানার এএসআই সাহাজুল ইসলাম জানান, আবদুস সামাদের অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গাছ কাটার সত্যতা পেয়েছেন। তবে অভিযুক্ত দুজন এ ঘটনায় জড়িত কি না, তা অধিক তদন্ত ছাড়া বলা যাবে না।