গাছেরা এখন ধূসর, অপেক্ষা বৃষ্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদগেট মোড় থেকে আসাদ অ্যাভিনিউর দিকে যেতে সড়কদ্বীপে একটি রঙ্গন ফুলগাছ চোখে পড়ে। সবুজ পাতাগুলো ধূসর। ভালো করে খেয়াল না করলে বোঝা যাবে না, এখানে গাছে ফুলও ফুটেছে। ফুলের রং কালচে। মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ধুলা-দূষণে গাছের রং পাল্টে গেছে।
মোহাম্মদপুর থানা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে এগোলে দুপাশের সব গাছই ধুলায় আচ্ছন্ন। বাসস্ট্যান্ডের অবস্থাও ধূলিমলিন। একদিকে ধুলা অন্যদিকে প্রচুর যানবাহন চলায় এলাকাটিতে নাক না চেপে হাঁটা যায় না। আসাদ অ্যাভিনিউ থেকে টাউন হল বাজার পর্যন্তও একই অবস্থা।
আসাদগেটের ট্রাফিক পুলিশের ছাতার রংও বদলে গেছে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলেন, ধুলায় তাঁদেরও কষ্ট হয়। হাঁচি-কাশিতে ভোগেন। ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে মিরপুর সড়ক ধরে মিরপুরের দিকে যেতে যত গাছপালা চোখে পড়ে, তার পাতায় জমেছে ধুলার পুরু আস্তরণ। কলেজগেট থেকে আড়ং মোড় পর্যন্ত সড়কের এক পাশ কেটে উত্তর সিটি করপোরেশনের উন্নয়নকাজ কাজ চলছে। মাটি, বালু সড়কে পড়ে আছে। এই অংশে ধুলা সবচেয়ে বেশি।
আসাদগেটে রাকিব খান নামের এক পথচারী বলেন, ‘আমাদের তো কষ্ট হয়ই, কিন্তু গাছগুলোর দিকে তাকালে বেশি খারাপ লাগে। আমরা নিজেরা পরিষ্কার হতে পারি, কিন্তু গাছের তো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়।’ গণভবন এলাকার গাছগুলোতেও ধুলা জমে ধূসর হয়ে গেছে। সড়কের দুপাশ থেকে সড়কদ্বীপের গাছ সবই ধুলায় আচ্ছন্ন।
পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ঢাকায় ধুলা বেড়ে যাওয়ায় পরিবেশেরও ক্ষতি হচ্ছে। গাছ সূর্যের রশ্মি থেকে খাদ্য সংগ্রহ করে। পাতায় ধুলা জমায় খাদ্য গ্রহণে সমস্যা হয়। এ সময়টা শুষ্ক, তাই গাছপালা মাটি থেকেও পানি তেমন পায় না। আর ওপরে আছে ধুলা। এ সময় গাছ মরে যাওয়ার পরিমাণও বেশি। ধুলায় গাছের পাশাপাশি পশুপাখিরও সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, রাজধানীতে সারা বছর ধরেই খোঁড়াখুঁড়ি চলতে থাকে। খননকাজ পরিকল্পনা অনুসারে করা প্রয়োজন।
রোকেয়া সরণিতে চলছে মেট্রোরেলের কাজ। কাজীপাড়া থেকে তালতলা পর্যন্ত গাছগুলোর অবস্থা করুণ। তালতলায় গাছের পাতা লালচে হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পানি ছিটানোর গাড়ি থাকলেও উত্তরের নেই। গাছগুলোর আপন রঙে ফিরতে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য।