গাজনার বিলের পানি নামছে
পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের আটকে থাকা পানি নামতে শুরু করেছে। যমুনার পানি কমার সঙ্গে গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্লুইসগেট খুলে দেওয়ায় বিলের পানি নেমে যাচ্ছে। ফলে স্থানীয় কৃষকদের মনে কিছুটা স্বস্তিও ফিরেছে।
পাউবোর বেড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ গতকাল প্রথম আলোকে বলেন, বিলের আটকে থাকা পানি নিষ্কাশনের জন্য তাঁরা কাজ শুরু করেছেন। যমুনার পানি কমতে থাকায় সকালে বিলের মুখের স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। এতে বিল থেকে পানি নেমে যাচ্ছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দিনে জমে থাকা পানি বেশ কমে গেছে। পানি পুরোপুরি নেমে গেলে বোরো ও পাটের ক্ষতি কমবে।
রানীনগর ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের ধানচাষি সুজন হোসেন বলেন, সকাল থেকে হঠাৎ বিলের পানি কমতে শুরু করে। এতে মাঠ থেকে ধান সংগ্রহ সহজ হচ্ছে। পাটের জমিও জেগে উঠছে। চাষিরা স্বস্তি পাচ্ছেন।
বিলে পানি প্রবেশের মুখে বাঁধেরহাট-সুজানগর সড়কের (মুজিব বাঁধ) সাগরকান্দি গ্রামের বাদাই নদের ওপর পাউবোর স্লুইসগেট। একদিকে অতিবৃষ্টি ও ঝড়ে বিলে বোরো ধানের ফলন ভালো হয়নি। পানি জমে ছিল জমিতে। অন্যদিকে যমুনার পানি বৃদ্ধির সময় এই স্লুইসগেট খোলা থাকায় আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় বিলের ধান ও পাটখেত।
গত শনিবার স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় আটকে যায় সে পানি। ফলে পুষ্ট হওয়ার আগেই ধান কাটতে শুরু করেন কৃষক। দেখা দেয় শ্রমিকসংকট। মাঠ থেকে ধান আনতে কষ্টের মুখে পড়েন চাষিরা। আর্থিক ক্ষতিও হয় তাঁদের। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘পাবনার গাজনার বিলে হঠাৎ বন্যায় কৃষকের সর্বনাশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।