বাংলাদেশের গ্যাসকূপ খননের জন্য রাশিয়ার গাজপ্রমের যে চুক্তি হয়েছে, তাতে সমস্যা রয়েছে বলে মনে করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, ওই চুক্তিতে গ্যাস তোলার সময় দুর্ঘটনা ঘটলে বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্যরা এ মত দেন। কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে গ্যাসক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা বাংলাদেশ কীভাবে ক্ষতিপূরণ পাবে, তা বলা হয়নি। অতীতেও আমাদের অভিজ্ঞতা রয়েছে।’গত ২৬ এপ্রিল ১০টি গ্যাসকূপের খননকাজের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রমের সঙ্গে দুটি চুক্তি করে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০-এর আওতায় এ চুক্তি করা হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্য ও বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন গাজপ্রমের সঙ্গে সম্পাদিত চুক্তি কমিটিতে উপস্থাপনের দাবি জানান। এ ছাড়া কুইক রেন্টালের সমালোচনাকারীদের দেশদ্রোহী বলায় তিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সমালোচনা করেন। তিনি জ্বালানি উপদেষ্টার মন্তব্যের জন্য কমিটিতে নিন্দা প্রস্তাব আনতে বলেন। তাঁর এ প্রস্তাব গ্রহণ না হওয়ায় তিনি বৈঠক ত্যাগ করেন।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও মাহবুব উদ্দিন অংশ নেন।