গাজরচাষিদের জন্য মমতাজের হিমাগার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গাজরচাষিদের সুবিধার্থে একটি হিমাগার নির্মাণ করেছেন কণ্ঠশিল্পী ও নারী আসনের সাংসদ মমতাজ বেগম। প্রয়াত বাবা মধু বয়াতি ও মা উজালা বেগমের নামে হিমাগারটির নাম রাখা হয়েছে।‘মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের এ হিমাগারের অবস্থান সিঙ্গাইরের ভাকুম এলাকায়। গতকাল শুক্রবার হিমাগারটির উদ্বোধন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলার তিনটি ইউনিয়নে বিপুল পরিমাণ গাজর উৎপাদন হয়। বিশেষ করে জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম, চরভাকুম, দুর্গাপুর ও কমলনগর বালিয়ারা; শায়েস্তা ইউনিয়নের শায়েস্তা, সাহরাইল ও লক্ষ্মীপুর এবং সিঙ্গাইর ইউনিয়নের আজিমনগর ও সিঙ্গাইর গ্রামে গাজরের ব্যাপক চাষ হয়। গত বছর উপজেলার এক হাজার ১৫০ হেক্টর জমিতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গাজর উৎপাদিত হয়।কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, সিঙ্গাইরে কোনো হিমাগার না থাকায় গাজর সংরক্ষণের জন্য সাভার ও মুন্সিগঞ্জে নেওয়া হতো। এ জন্য চাষিদের গুনতে হতো অতিরিক্ত টাকা। কৃষকদের সুবিধার্থে মূলত গাজর সংরক্ষণের জন্য ওই হিমাগার নির্মাণ করেন সাংসদ মমতাজ ।মমতাজ বলেন, প্রায় দুই একর জমির ওপর প্রতিষ্ঠিত এ হিমাগারে সাড়ে চার হাজার মেট্রিক টন গাজর রাখার ব্যবস্থা রয়েছে। শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে ফসল উৎপাদনে কৃষকের খরচ বেশি হয়। কিন্তু হিমাগারের সুবিধা না থাকায় তাঁরা কম মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হন। সিঙ্গাইর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার বলেন, কৃষকেরা এখানে উৎপাদিত বিপুল পরিমাণ গাজর হিমাগারটিতে সংরক্ষণের সুবিধা পাবেন। এতে গাজর উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে।