গাজা ইস্যুতে এখন তারা কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর

হামাস শাসিত গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের পরও মানবাধিকার সংগঠনগুলো চুপ থাকায় তা নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটা খুন হলেই মানবাধিকার সংগঠনগুলো চিত্কার শুরু করে দেয়। এখন তারা কোথায়, তারা চুপ কেন—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতেই শেখ হাসিনা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বৈঠকের শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, গাজায় নির্বিচারে মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে ছোট শিশুদের ওপর আক্রমণ ও তাদের হত্যা করা হচ্ছে। মুসলিম উম্মার প্রতি আহ্বান জানাই, এর প্রতিবাদ করা উচিত। এই পবিত্র রমজান মাসে রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আমি এই আহ্বান জানব, এ ধরনের হত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সবার প্রতিবাদ করা উচিত।’ তিনি বলেন, ‘আমরা এ হামলার তীব্র নিন্দাও জানাই।’