গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন
গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীসহ সারা বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
একই ঘটনায় গতকাল দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে সভা করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন (সিপিএম) নামের একটি সংগঠন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। বোমা হামলায় নিহত হচ্ছে নারী-পুরুষসহ শিশুরা। কিন্তু নৃশংস এ হামলায় বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ। অবৈধভাবে জন্ম নেওয়া ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র হলেও মদদ দিচ্ছে আমেরিকাসহ সাম্রাজ্যবাদ শক্তি। আমেরিকার মদদে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান তাঁরা। ফিলিস্তিনিদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
নবাবগঞ্জের সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক আন্দোলন সংগঠনের যুব আন্দোলনের আহ্বায়ক জুয়েল মাহমুদ। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ও রাজনীতিক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য নির্বাহী হা. ম. আ. ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মজিবর রহমান, জহিরুল ইসলাম প্রমুখ।