গাজা বিষয়ে বিশ্ব বিবেকের সমালোচনা প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে উন্নত দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরব অবস্থানের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব বিবেকের নীরবতা দেখে আমি হতবাক। এখানে (বাংলাদেশ) যখন প্রাণহানির কোনো ঘটনা ঘটে, তখন এর প্রতিবাদে ও সমালোচনায় আমরা কংগ্রেসম্যানদের অসংখ্য চিঠি পাই। আজ শত শত শিশু, নারী, সন্তানসম্ভবা মা গুলিতে মারা যাচ্ছে...এখন বিশ্ব বিবেক নিশ্চুপ কেন।’ তিনি আরও বলেন, ‘যাঁরা নিজেদের “সভ্য” হিসেবে দাবি করেন, তাঁরা এখন চুপ কেন
?’
গাজায় ইসরায়েলের বর্তমান হত্যাযজ্ঞকে বাংলাদেশে ১৯৭১, ১৯৭৫ ও ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরে ঘটা হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন শেখ হাসিনা।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারপারসন সেলিনা হোসেন।