গাজা বিষয়ে বিশ্ববিবেক চুপ কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে উন্নত দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরব অবস্থানের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার ওসমানী মিলনায়তনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনবি ও বাসসের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব বিবেকের নীরবতা দেখে আমি হতবাক। এখানে (বাংলাদেশ) যখন প্রাণহানির কোনো ঘটনা ঘটে, তখন এর প্রতিবাদে ও সমালোচনায় আমরা কংগ্রেসম্যানদের অসংখ্য চিঠি পাই। আজ শত শত শিশু, নারী, সন্তানসম্ভবা মা গুলিতে মারা যাচ্ছে...এখন বিশ্ববিবেক নিশ্চুপ কেন।’ তিনি আরও বলেন, ‘যাঁরা নিজেদের “সভ্য” হিসেবে দাবি করেন, তাঁরা এখন চুপ কেন?’
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারপারসন সেলিনা হোসেন।
শেখ হাসিনা বলেন, তাঁর জীবন তাঁর বাবার আদর্শ এবং তাঁর মাতার দৃঢ়তা দ্বারা পরিচালিত। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেক সংকটময় সময়ে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া অপরিচার্য হয়ে পড়েছিল—এসব গুরুত্বপূর্ণ সময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দলের নেতা ও কর্মীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন বেগম মুজিব।
দলের নেতা-কর্মীদের প্রতি বঙ্গমাতার স্নেহবাৎসল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের খোঁজখবর নিতে এমনকি তাঁকেও কাজে লাগানো হতো। এ ছাড়া তাঁদের নিত্যদিনের বাজার ও চিকিৎসার টাকাও দিতেন বঙ্গমাতা।
শেখ হাসিনা বলেন, ফজিলাতুননেছা মুজিব কোনো সংকটকালে কখনো কষ্ট বোধ করেননি। বরং তিনি সাহস ও ধৈর্যের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতেন। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগারতলা ষড়যন্ত্র মামলা দায়েরের পরও তিনি উদ্বিগ্ন হননি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তাঁর মাতার বড় ভূমিকা ছিল।
অনুষ্ঠানে বেগম ফজিলাতুননেছা মুজিবের জীবনকর্মের ওপর একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।