গাজায় ইসরায়েলি হামলা: সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, নিরীহ মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলা বন্ধ করতে হবে। গাজায় দখল করা জমি ফেরত দিয়ে সমস্যার স্থায়ী সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।
আজ মঙ্গলবার সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করলে তা নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনের পক্ষে কেউ না থাকলেও বাংলাদেশ থাকবে। তাদের জন্য যা যা করণীয় তা করব। প্রয়োজনে বাংলাদেশে এনে আহতদের চিকিত্সা করাব।’
জাতিসংঘ এবং দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। ইসরায়েলকে ফিলিস্তিনিদের দখল করা জমি ছেড়ে দিতে হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেব স্বীকৃতি দিতেই হবে।
গাজায় ইসরায়েলি হামলায় আহত শিশুদের ছবি দেখিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, লাশ আর লাশ। একদিকে মিসর পথ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি অবরোধ। এরই মধ্যে আক্রমণ করা হয়েছে। লক্ষ্য করা হয়েছে শিশুদের। তিনি বলেন, ‘আমি জানি না বিশ্ব বিবেককে কেন নাড়া দেয় না। মানবতা আজ কোথায় গেছে। এই হত্যাযজ্ঞ কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী বিশ্ব বিবেকের সমালোচনা করে বলেন, ‘আমাদের দেশে কিছু হলে মানবাধিকার নিয়ে তোলপাড়। একটা খুন নিয়ে কত কথা, কত চিঠি। এখন তারা কোথায়। মানবতা কোথায় গেল।’
কাদের মোল্লার ফাঁসির বিষয় ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য একজনের রায় হয়। তাঁকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন। রক্ষার চেষ্টা করেন। এখন ফিলিস্তিনের রক্ষার জন্য কেন উদ্যোগ নেই।
শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনিদের দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। মুসলিম বিশ্বের সমালোচনা করে তিনি বলেন, সারা বিশ্ব ভয় পায়। কেন এত ভয়? মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল এভাবে হামলা করার সাহস পেত না।
শেখ ফজলুল করিম সেলিম নিন্দা প্রস্তাব এনে বলেন, ‘ইসরাইল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। আন্তর্জাতিক আদালতে এর বিচার করার দাবি জানাচ্ছি। জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পুতুলে পরিণত হয়েছে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের বিবেক নাড়া দিয়েছে। অঙ্গীকার করছি, পাশে ছিলাম, সামনেও থাকব।’ জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ইসরায়েলের আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। তাদের সম্মতি ছাড়া ইসরায়েল বড় ধরনের কোনো আক্রমণে যায় না।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর অন্যায় ও অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া উচিত।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানাতে একটি প্রতিনিধিদল পাঠানো হবে।
আলোচনায় আরও বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, আবদুল লতিফ সিদ্দিকী, দীপু মনি, আব্দুল মতিন খসরু, হাছান মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, রুস্তম আলী ফরাজী, কাজী ফিরোজ রশিদ, মঈন উদ্দিন খান বাদল, ফজলে হোসেন বাদশা, নজিবুল বশর মাইজভান্ডারি, আবুল কালাম আজাদ প্রমুখ।