প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্মম আক্রমণের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সীমাহীন ঔদাসীন্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেন, ‘গাজায় চলমান এ ধরনের হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে আমরা উদ্বিগ্ন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সীমাহীন ঔদাসীন্যে আমরা ক্ষুব্ধ।’
গতকাল শনিবার এক বিবৃতিতে এ ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, প্রায় তিন সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণে আট শতাধিক ফিলিস্তিিন নির্মম মৃত্যুর শিকার হয়েছেন। যার মধ্যে ৮০ শতাংশই বেসামরিক নাগরিক। প্রতিনিয়ত শত-সহস্র মানুষ পঙ্গু হচ্ছেন। নারী, শিশু, গর্ভবতী মহিলা—কেউ এ বর্বর হামলা থেকে নিষ্কৃতি পাচ্ছে না। এমনকি স্কুল, হাসপাতাল, উপাসনালয়ও এ বর্বর হামলার শিকার হচ্ছে। এ পর্যন্ত ১২০টিরও বেশি স্কুল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮৪টি স্কুল গৃহহীন উদ্বাস্তুদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল।
ইসরায়েলের এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের নিরপরাধ নাগরিকদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বলা হয়, গাজায় বিপন্ন মানবতাকে রক্ষার প্রয়োজনে বিশ্ব সম্প্রদায়কে কঠোর হতে হবে। মানবাধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় এতদঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সুদূরপরাহত থেকে যাবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান, জামিলুর রেজা চৌধুরী ও রাশেদা কে চৌধূরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী শাহদীন মালিক, ইফতেখারুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
ঐক্য ন্যাপের মানববন্ধন: ইসরায়েিল হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঐক্য ন্যাপ। এতে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘যদি আমরা বিশ্বের মানুষ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে এক হই, তাহলেই ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াতে পারব। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালত কখনোই এই বর্বর হামলার বিচার করবে না। তাই আমাদের এক হতে হবে।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে বাংলাদেশকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
১৯ চিকিৎসকের নিন্দা: গাজায় ইসরায়েলি নৃশংসতায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৯ জন চিকিৎসক। অধ্যাপক এম এ সামাদের সই করা বিবৃতিতে ইসরায়েলকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বিভিন্ন সংগঠনের কর্মসূচি: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ শান্তি পরিষদ। এতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, সাংবাদিক শাহরিয়ার কবির প্রমুখ বক্তৃতা করেন।
এ ছাড়া ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে পৃথক সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও বাংলাদেশ শান্তির দল।