বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই গাজায় সামরিক আক্রমণ চালানো হয়েছে।
অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। তিনি সামরিক অভিযান বন্ধে চাপ সৃষ্টির জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
একই বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসরায়েল বরাবরই একটি নিপীড়ক শক্তি। ফিলিস্তিনিদের নিপীড়ন করাই তাদের একমাত্র কর্মসূচি। বিশ্ব জনমতের তোয়াক্কা না করে ইসরায়েল আধিপত্য বজায়ের খেলায় মেতেছে। এতে মধ্যপ্রাচ্যের সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে।
অপর এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বলেছেন, মানবতাবিরোধী মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গণহত্যা সংঘটিত হচ্ছে। তারা দেশে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি করে যুদ্ধাবস্থা জিইয়ে রাখতে মদদ দিচ্ছে।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে বক্তারা হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তাঁরা এ বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সমাবেশে বক্তারা হামলাকারীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
হামলার নিন্দা ১৫ বিশিষ্ট নাগরিকের: গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল শনিবার এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার জন্য হামাস ও আল ফাতাহ যখন ঐকমত্যের সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তখন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে লাগাতার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন শান্তিপ্রিয় মানুষদের এই বর্বর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন: সৈয়দ শামসুল হক, সারোয়ার আলী, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, সেলিনা হোসেন, মুহাম্মদ সামাদ, কামরুল হাসান খান, আখতারুজ্জামান, আনোয়ারা সৈয়দা হক, গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, সুব্রত চৌধুরী, আবদুল জলিল ভুঁইয়া, মান্নান হীরা ও মনিরুজ্জামান। বিজ্ঞপ্তি।