গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ অব্যাহত
গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকালও কয়েকটি সংগঠন ফিলিস্তিনিদের ওপর হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুলাহ তারেক এক বিবৃতিতে বলেন, কয়েক দিন ধরে ইসরাইলি বিমানবাহিনী বেপরোয়া হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বিবৃতিতে এই হামলার বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান আরেক বিবৃতিতে বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর হামলকারীরা ও মদদদাতারা মানবতার শক্র। তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
গাজায় হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত মানববন্ধনে নেতারা বলেন, ইসরাইলি হামলার পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। তাঁরা বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘকে কাঠের পুতুলে পরিণত করেছে। বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন যুদ্ধনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গতকাল নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে’ এক সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ)। সভায় ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ, ওআইসি ও বিশ্বের শান্তিকামী দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে গতকাল প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।