গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা। এ দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে ‘সর্বস্তরের সংস্কৃতি ও সচেতন নাগরিক সমাজ’।
উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুনীল ধরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সহসভাপতি চন্দন দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেহানা কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বালাগত উল্লাহ, সাংবাদিক সমরেশ বৈদ্য ও চৌধুরী ফরিদ, সচেতন নাগরিক কমিটির চট্টগ্রাম শাখার সভাপতি দেলোয়ার মজুমদার, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান ও ফারুক তাহের, কবি অ্যালেক্স আলীম প্রমুখ। সমাবেশে আবৃত্তি পরিবেশন করেন অঞ্চল চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর পরিকল্পিতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ন্যক্কারজনক হামলা চালানো হচ্ছে। অবিলম্বে এই নারকীয় গণহত্যা বন্ধ করতে হবে। বক্তারা ইসরায়েলি বোমা হামলা বন্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় জাতিসংঘের সমালোচনা করেন।