গাজায় ইসরায়েলের টানা হামলার নিন্দা প্রতিবাদ অব্যাহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর টানা হামলা এবং নারী-শিশুসহ নিরস্ত্র মানুষদের হত্যার নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল রোববার এক যুক্ত বিবৃতিতে গাজায় আল-আকসা হাসপাতালে চিকিৎসাধীনদের ওপর ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ইসরায়েলের ওপর অর্থনৈতিক অবরোধ করার জন্য জাতিসংঘসহ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়েজুল্লাহ। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ঢাকায় জাতিসংঘ অফিস ও মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। গতকাল রোববার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শত শত নিরীহ ফিলিস্তিনিকে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
এ ছাড়া গাজায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক কাজী মনিরুল হুদা।