
শিশুদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার। সেখানে লেখা ‘গাজা অবরুদ্ধ কেন’, ‘শিশু-নারী হত্যা বন্ধ করো’, ‘ইসরায়েলকে বয়কট করো’। বয়সে ছোট হলেও তাদের চোখে-মুখে রয়েছে গাজায় শিশুদের ওপর নেমে আসা ইসরায়েলি হামলার প্রতি ঘৃণা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিভিন্ন বয়সের শিশুরা এ কর্মসূচিতে সংহতি জানায়। ফিলিস্তিনের গাজায় নিহত-আহত শিশুদের জন্য তারাও সমব্যথী। তারা এসেছে মা-বাবা ও স্বজনদের সঙ্গে প্রতিবাদ জানাতে।
নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি এই হামলা বন্ধের দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৪টি সংগঠন যৌথভাবে মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান।
বক্তারা বলেন, বিশ্বনেতাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পক্ষপাতমূলক আচরণ ও উদাসীনতার কারণে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাওয়ার সাহস পেয়েছে। অথচ জাতিসংঘ ও মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, মার্কিন সমর্থনে ইসরায়েলি গণহত্যা ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার কথাই স্মরণ করিয়ে দেয়। ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর বিমান ও স্থল হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। বক্তারা বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামাল আতাউর রহমান, মাহবুবুল হক প্রমুখ। কর্মসূচিতে ১৪টি সংগঠনের মধ্যে ছিল নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পল্লীমা গ্রীণ, বাংলাদেশ পীস মুভমেন্ট, ইউনাইটেড পীস ফাউন্ডেশন, ইকো সোসাইটি।
অন্যান্য সংগঠনের প্রতিবাদ: গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে শিশু তরী সংস্থা, সর্বধর্মীয় সম্প্রীতি সভা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট।
বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে গতকাল গণমাধ্যমে বিবৃতি দিয়েছে গণফোরাম। পৃথক বিবৃতিতে বাংলাদেশ শান্তি পরিষদ গাজায় নিরীহ জনগণের পাশাপাশি আল-আকসা হাসপাতালে চিকিৎসাধীনদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটি ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী সংগঠন এডাব।