গাজায় প্রতিনিধিদল পাঠাবে ১৪ দল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানাতে ও ওষুধপত্র নিয়ে গাজায় একটি প্রতিনিধিদল পাঠাবে ১৪-দলীয় জোট। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোটটি।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এর আগে ঘণ্টাব্যাপী জোটের বৈঠক চলে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘গাজায় যে ঘটনা ঘটছে, তা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। এটা মানব ইতিহাসের জঘন্যতম হামলা। কয়েকটি দেশ এতে মদদ দিচ্ছে, যা দুঃখজনক। অবিলম্বে এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধে বিশ্বশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।’
বৈঠকে অংশগ্রহণকারী তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘হয়তো আমরা গাজা পর্যন্ত যেতে পারব না। কিন্তু যতটুকু যেতে পারি, যাব।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান ও গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার প্রমুখ।