গাজায় হামলার প্রতিবাদে মানববন্ধন মানবতা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই হামলার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি সংগঠন মানববন্ধন করেছে। মোহাম্মদপুরে হয়েছে সংহতি ও মানবতা সমাবেশ।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এবং বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)।
ইনসাবের মানববন্ধনে বক্তারা আত্মরক্ষার অজুহাতে ‘অপারেশন প্রোটেকটিভ এজ’ নামে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এর নিন্দা জানান। তাঁরা বলেন, ইসরায়েলি হামলা থেকে জাতিসংঘ পরিচালিত সংস্থাসমূহ, হাসপাতাল কিছুই রক্ষা পাচ্ছে না।
বক্তারা গাজাবাসীকে মানবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।