গাজায় হামলার প্রতিবাদে রাজপথে বিভিন্ন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ, কালো পতাকা মিছিল করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন। একই সঙ্গে এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে বিবৃতি অব্যাহত রয়েছে।
ইসরায়েলের গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে তারা। ‘গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড, রুখে দাঁড়াও বিশ্ববাসী’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কবি মুহাম্মদ সামাদ, জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ।
একই দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। বিশ্ব শান্তি পরিষদের সহসভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, খেলাঘরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল বিশ্ব জনমতকে উপেক্ষা করে একের পর এক শান্তি চুক্তি ভঙ্গ করছে। তারা মার্কিন সাম্রাজ্যবাদের মদদে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। বক্তারা এ বিষয়ে জাতিসংঘকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় ইসরাইলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান।
গণহত্যা বন্ধের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের শিক্ষকেরা অপরাজেয় বাংলায় ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ শীর্ষক মানববন্ধন করেন। সেখানে ইসরায়েলকে সহায়তাকারী বহুজাতিক কোম্পানির সব পণ্য বর্জনের ডাক দেন তাঁরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আকতার হোসেন খান, সদস্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, নির্বিচারে চালানো এই গণহত্যায় গোটা বিশ্ববিবেক হতবাক, বিক্ষুব্ধ ও ক্ষতবিক্ষত। ফিলিস্তিনের মানবিক বিপর্যয় রোধে ইতিবাচক ভূমিকা রাখতে জাতিসংঘসহ পৃথিবীর বিবেকবান মহল ও বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান এই দুই শিক্ষকনেতা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানাতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঘটনার প্রতিবাদ জানান।